সুখের দাম ২২ হাজার পাউন্ড?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুখের দাম ২২ হাজার পাউন্ড
সুখের দাম ২২ হাজার পাউন্ড

ভালোবাসা কিনে নেওয়া যায় না—এ কথা সবাই স্বীকার করে। কিন্তু যুক্তরাজ্যে নতুন এক গবেষণায় বলা হচ্ছে, অর্থ খরচ করে সুখ কেনা যায়, তবে সেটা একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত সীমিত।
ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, একটি দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির সঙ্গে সঙ্গে জাতীয় সুখের পরিমাণও বাড়ে। কিন্তু ক্রমবর্ধমান সম্পদ যদি অতিমাত্রায় উচ্চাকাঙ্ক্ষা তৈরি করে, তাহলে সুখের পরিমাণ কমতে থাকে। আর ব্যাপারটা একপর্যায়ে হতাশার জন্ম দেয়।
সমৃদ্ধ দেশগুলোতে এই সুখের সর্বোচ্চ পর্যায় বা মাত্রা প্রায় ২২ হাজার ১০০ ব্রিটিশ পাউন্ড অর্থ বা সমমানের সম্পদ পর্যন্ত নির্ধারণ করেছেন গবেষকেরা। এই মাত্রা অতিক্রমের পর মানুষের সুখের অনুভূতি কমতে শুরু করে। কারণ, ওই পরিমাণ সম্পদ অর্জনের পর ভালো বাড়ি, উচ্চতর মানের শিক্ষা ও ভোগ্যপণ্যের প্রতি আকাঙ্ক্ষা  বৃদ্ধির ফলে উদ্বেগ ও মানসিক চাপ তৈরি হয়। পরিণামে সুখ হারিয়ে যায়।
গবেষক ইউজেনিও পোর্টো বলেন, বিত্তশালী অনেক দেশেই সুখের একটা পর্যায়ে পৌঁছানোর পর হতাশা তৈরি হয়। যে অর্থনীতি দেশবাসীর মধ্যে উচ্চাকাঙ্ক্ষা জাগায়, তা অবশ্যই সমৃদ্ধ অর্থনীতি। কিন্তু সেখানে মাত্রাতিরিক্ত আকাঙ্ক্ষায় জীবনের সন্তুষ্টি হারিয়ে যেতে পারে। উন্নয়নশীল দেশগুলোতে মানুষের সুখের সর্বোচ্চ মাত্রায় পৌঁছানোর সুযোগ কম। তাই সেই সুখ হারিয়ে যাওয়ার প্রশ্নও আসে না। ইনডিপেনডেন্ট।