সুচ ছাড়াই রক্ত পরীক্ষা

চিকিৎসার কাজে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য সুচ ফুটিয়ে রক্ত টানতে হয় চিকিৎসকদের। এই সুচ ফোটানোর বিষয়টি অনেকেই ভয় পান। সম্প্রতি সুচবিহীন রক্ত পরীক্ষার একটি পদ্ধতি উদ্ভাবন করে তার জন্য পেটেন্ট আবেদন করেছে গুগল। এই সিস্টেমটি পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য স্মার্টওয়াচের মতো হাতে পরা যাবে।
গুগলের তৈরি এ যন্ত্রটি যদি আলোর মুখ দেখে তবে ভবিষ্যতে সুচ ছাড়াই আঙুলের ডগা কিংবা শরীরের যেকোনো অংশ থেকে পরীক্ষার জন্য রক্ত গ্রহণ করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, যন্ত্রটি একটি ক্ষুদ্র কণা ভর্তি ব্যারেলের মধ্যে গ্যাস প্রবাহের মাধ্যমে কাজ করে এবং চামড়া ফুটো করে। যখন চামড়া থেকে রক্ত বের হয় তখন আরেকটি ব্যারেলের উল্টো চাপে তার মধ্যে রক্ত সংগ্রহ করা হয়। এই পদ্ধতিতে যে অল্প পরিমাণ রক্ত সংগ্রহ করা যায় তা রক্তে গ্লুকোজ নির্ণয়ের মতো কাজে লাগানো যাবে।