সুধীজনের অর্ধশতক

বিশাল বড় একটা বই। বইটা খোলা কিন্তু ভেতরের পাতাগুলো দেখা যাচ্ছে না। অবশ্য দেখা যাওয়ার কারণও নেই, বইটা যে কংক্রিটের তৈরি। পাঠাগারের সামনে দাঁড়ালে প্রথমেই চোখে পড়ে তিনতলা ভবনের দেয়াল ঘেঁষে লাগানো বিশাল আকারের উল্টে রাখা বইটা। নারায়ণগঞ্জ শহরে চাষাড়ার বড় রাস্তার পাশেই দেখা মিলবে এই পাঠাগারটির। নাম সুধীজন পাঠাগার। একে একে অনেক সময় পেরিয়ে সুধীজন পাঠাগার অতিক্রম করল অর্ধশতবর্ষ। এ বছরের ২৮ ফেব্রুয়ারি আয়োজিত হয়ে গেল সুবর্ণজয়ন্তীর বর্ণোজ্জ্বল অনুষ্ঠান।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী পাঠগারের পরিবেশ ছিল উৎসবমুখর। দিনের শুরুটা হয় শোভাযাত্রা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে। বিশেষ আকর্ষণ ছিল বই পড়া কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ৫০টি বিভিন্ন লেখকদের বই পড়তে হয়।
বিশাল পাঠাগারের ভেতরে ঢুকতেই চোখে পড়ে এক পাশে সারি করে রাখা সুসজ্জিত বইয়ের শেলফ। ডান পাশের একটা ঘরের ওপর লেখা ‘হোসেন জামাল স্মৃতি পাঠকক্ষ’। সাধারণত গবেষকেরা তাঁদের গবেষণার কাজে এই বড় পাঠকক্ষটা ব্যবহার করেন। অন্য পাশে রয়েছে পাঠকদের বসার ব্যবস্থা। নানা বয়সী পাঠক-কেউ স্কুল-কলেজপড়ুয়া, কেউ পেশাজীবী, কেউবা গৃহিণী। একদম নিশ্চুপ পরিবেশ। তবে সবাই পড়ায় ব্যস্ত। কেউ ব্যস্ত ইংরেজি শিখতে, কেউ আবার ক্লাসের পড়া তৈরি করছে, কেউ কেউ ভাঁজ খুলে খবরের কাগজ পড়তে ব্যস্ত, অথবা কেউ আবার গল্পের জগতে ডুবে আছে।
সুধীজন পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইসহাক, ফজলে রাব্বী, আখতারুজ্জামানের সঙ্গে আলাপকালে জানা গেল, ১৯৬৪ সালের ২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের আমলাপাড়ায় আত্মপ্রকাশ করে সুধীজন পাঠাগার। মাত্র ১০টা বই আর বই রাখার একটা আলমারি নিয়ে শুরুটা হয়েছিল। সঙ্গে আরও ছিল একটা টেবিল, ১০টা চেয়ার আর দুটো হারিকেন। তখন মাসে মাসে ঘরভাড়া দিতে হতো ৫০ টাকা করে। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ১৯৭৮ সালে পৌরসভা প্রদত্ত জমিতে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয় পাঠাগারটি। বর্তমানে এখানে ৪০ হাজারের বেশি বই আছে। একই সঙ্গে ইন্টারনেট-সেবাও মেলে এখান থেকে। প্রতিবছরই পাঠাগারের জন্য নতুন নতুন বই কেনা হয়।
সুধীজন পাঠাগারের মাধ্যমে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্য সাধারণ জ্ঞান, বিতর্ক, বাংলা বানান ও নানা রকম সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া প্রতিবছর এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কৃতী ছাত্রছাত্রীদের কিছু বৃত্তি প্রদান করা হয়। এসবের মধ্যে রয়েছে অধ্যাপক মোহাম্মদ নুরুল হক বৃত্তি, হেদুন বেপারি স্মৃতি বৃত্তি, হাজি মো. ইলিয়াছ স্মৃতি বৃত্তি, আলী আহাম্মদ চুনকা স্মৃতি বৃত্তি ইত্যাদি। এর পাশাপাশি শিক্ষকদের জন্য নানা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচিও রয়েছে। একই সঙ্গে গ্রন্থনীতি প্রণয়ন, পুস্তক রপ্তানি, প্রকাশনা, গ্রন্থাগার সংগঠন ইত্যাদি বিষয়েও জাতীয় পর্যায়ে পাঠাগারটি অবদান রাখার চেষ্টা করে। প্রতিবছর সুধীজন পাঠাগার থেকে দেশের একজন গুণী ব্যক্তিকে শিক্ষাবিষয়ক যেকোনো শাখায় বিশেষ অবদান রাখার জন্য ‘হোসেন জামাল স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়।
সুধীজন পাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইসহাক জানান, ৫০ বছরের ইতিহাস-আনন্দ ও বিষাদ-মিশ্রিত। উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নানা রাজনৈতিক উত্থান-পতন-এসব কোনো কিছুই এর আলোকচ্ছটাকে ম্লান করতে পারেনি। বরং প্রতিটা নতুন দিনে এর জ্ঞানের আলো ছড়িয়েছে আরও বহু দূর। দেশের জ্ঞানী-গুণী, শিল্পী-সাহিত্যিকদের পদচারণ পড়েছে, বরেণ্য বুদ্ধিজীবীদের আলোচনায় মুখর হয়েছে এর প্রাঙ্গণ।’
সুধীজন পাঠাগারের কর্মাধ্যক্ষ আসজাদুল কিবরিয়া বলেন, ‘নীরবে কাজ করে চলছেন পাঠাগারের কর্মী ও সদস্যরা। তাঁদের ধৈর্য ও সাহসিকতার যেমন অভাব নেই, তেমনি স্বপ্ন দেখাতেও ঘাটতি নেই। নিঃসন্দেহে একটা প্রতিষ্ঠান গড়ে তোলার চেয়ে সেটাকে টিকিয়ে রাখা অনেক বেশি কঠিন কাজ, আর সুধীজন পাঠাগার এর উজ্জ্বল দৃষ্টান্ত।’