সুনামগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে গতকাল রোববার থেকে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের (এটুআই) জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৪২টি স্টল অংশ নিয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, সুনামগঞ্জের জেলা পরিষদ প্রশাসক এনামুল কবীর ইমন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ সংবাদ সংস্থার নগর সম্পাদক অজিত কুমার সরকার প্রমুখ। এর আগে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগিতায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে ‘সাংবাদিকদের জন্য ডিজিটাল বাংলাদেশ’বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। —সুনামগঞ্জ অফিস