সুন্দর ভবিষ্যৎ উপহার দাও
‘ইন্টারনেট উৎসব শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত হয়ে দেশকে একটি সুন্দর আগামী উপহার দেবে বলে আমার বিশ্বাস।’ গতকাল সোমবার গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে এসব কথা বলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক।গতকাল পীরগঞ্জ ছাড়া মুন্সিগঞ্জ, ঝিনাইদহ, শরীয়তপুর ও রাজশাহীর বাগমারায় ইন্টারনেট উৎসব হয়েছে।উৎসবের ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গ্রামীণফোনের পক্ষ থেকে সংযোগসহ একটি করে ইন্টারনেট মডেম দেওয়া হয়। এ ছাড়া ভেন্যু প্রতিষ্ঠান ও আই-জিনিয়াস প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীকে প্রথম আলোর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে দেওয়া হয় ক্রেস্ট।উৎসবগুলোতে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, প্রথম আলো ও গ্রামীণফোনের তিনটি ভিডিওচিত্র দেখানো হয়।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:পীরগঞ্জ: গতকাল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে হয়ে গেল ইন্টারনেট উৎসব। উপজেলার চারটি কলেজ ও সাতটি উচ্চবিদ্যালয়ের চার হাজারেরও বেশি শিক্ষার্থী উৎসবে যোগ দেয়।উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক, গ্রামীণফোনের ঠাকুরগাঁও এরিয়া ম্যানেজার মো. আসাদুল্লা হাবিব খান পাঠান ও প্রথম আলোর পীরগঞ্জ প্রতিনিধি কাজী নুরুল ইসলাম।উৎসবে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান বন্ধুসভার কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান ঈমাম।উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে পীরগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মনোয়ার জাহান।বাগমারা: রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহবুল আলম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন।পরে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের সঞ্চালক রাজশাহী বন্ধুসভার মনিরা রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ইউসুফ মো. রেজাউর রহমান, ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহবুল আলম, গ্রামীণফোনের রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক বাকি বিল্লাহ, প্রথম আলোর গবেষণা ও আর্কাইভ উপদেষ্টা মুহাম্মদ লুৎফুল হক, ভবানীগঞ্জের পৌর মেয়র আবদুর রাজ্জাক ও প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ।অনুষ্ঠানের উদ্বোধক শিক্ষক মহবুল আলম বলেন, ‘ইন্টারনেটের খারাপের চেয়ে ভালো দিক বেশি। আমরা এর খারাপ দিক গ্রহণ করব না। ইন্টারনেট এই তরুণ প্রজন্মকে ভালোর দিকে নিয়ে যাবে।’বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজাউর রহমান বলেন, ‘আজকের অনুষ্ঠানের মাধ্যমে বাগমারায় ইন্টারনেটের প্রসার ঘটবে।’গ্রামীণফোনের বাকি বিল্লাহ বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্ম তথ্যপ্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাবে।’উৎসবে উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।বাগমারায় আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মিনহাজুল আবেদিন মাহমুদ।ঝিনাইদহ: ঝিনাইদহের নারিকেলবাড়িয়ার আমেনা খাতুন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত উৎসবের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করে কলেজের শিক্ষার্থীরা। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান।অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আমেনা খাতুন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান ও গ্রামীণফোনের এরিয়া ব্যবস্থাপক ইমাম আহম্মেদ।অনুষ্ঠানে অতিথিরা বলেন, ইন্টারনেট হলো তথ্যজগতের মহাসড়ক। শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে জ্ঞান অর্জন করে নিজেকে বিকশিত করার সুযোগ পাবে।এ উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ সরকারি কেসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মনজুর হোসেন।মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ মাঠে আয়োজিত উৎসবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাত হাজার শিক্ষার্থী যোগ দেয়।সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি। এরপর উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও সরকারি হরগঙ্গা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী।অনুষ্ঠানে সুখেন চন্দ্র ব্যানার্জি বলেন, এই ধরনের আয়োজন অব্যাহত থাকলে শিক্ষার্থীরা উপকৃত হবে।গ্রামীণফোনের এরিয়া ম্যানেজার আজম মো. ফেরদৌস আলম বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইন্টারনেটের শিক্ষায় আলোকিত করে তোলা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে। আর সেই দায়বদ্ধতা থেকে আমরা এই উৎসবের আয়োজন করেছি।’অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি তানভীর হাসান।আই-জিনিয়াস প্রতিযোগিতায় বিজয়ী হয় কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্র সৌরভ দাস।শরীয়তপুর: শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবি আবদুল্লাহ।শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান শরীয়তপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোয়ার হোসেন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক এম এ ওয়ারেস ও গ্রামীণফোনের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক সুভাষ লোধ।অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার মোস্তাফিজুর রহমান।উৎসবে আই-জিনিয়াস প্রতিযোগিতায় বিজয়ী হয় আংগারিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রাজিব হোসেন।