সুন্দর শহরের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিযোগিতায় প্রকল্প-তথ্য উপস্থাপন করছেন কাশফিয়া নেহরিন
প্রতিযোগিতায় প্রকল্প-তথ্য উপস্থাপন করছেন কাশফিয়া নেহরিন

একটা শহরের কথা কল্পনা করা যাক, যেখানে দালানকোঠাগুলো সব যেন ছবির মতো সাজানো। রাস্তাঘাটগুলো পরিপাটি, কোথাও এমন কিছু নেই যা দৃষ্টিকটু মনে হয়। প্রতি ইঞ্চি জায়গাকেই যেন সাজানো হয়েছে সুনিপুণ যত্নে। শুধু চোখের প্রশান্তিই নয়, বরং দালানকোঠা, রাস্তাঘাটগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে, যা এর বাসিন্দাদের দেবে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ, পরিবেশকে দেবে স্বস্তির পরশ। দিনে দিনে জঞ্জাল হয়ে ওঠা আমাদের এই প্রিয় ঢাকা শহরটাকে যদি এ রকম একটা চেহারা দেওয়া যেত! বসে নেই হবু প্রকৌশলীরা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসটিকে ভবিষ্যতের জন্য আরও পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী করে তৈরি করার প্রকল্প উপস্থাপন করে তেমনি একটি স্বপ্নের পথেই হেঁটে চলেছেন তিন শিক্ষার্থী। বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাশফিয়া নেহরীন, তাশনীম ফিরোজ ও তাসফিয়া তাসনীমের সমন্বয়ে গঠিত ‘স্টারলেটস’ দলটি এমনই পরিকল্পনা উপস্থাপন করে জিতে এনেছে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। ফ্রান্সের ‘স্টুডিকা’ কর্তৃক আয়োজিত ‘ইমাজিন সিটি অব টুমরো: ইমপ্রুভিং অ্যা পাবলিক স্পেস’ নামের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া ১৭০টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে জিতে নিয়েছে ১৫০০ ইউরো মূল্যমানের দ্বিতীয় পুরস্কার।

ফ্রান্সে দলের প্রতিনিধিত্ব করেন কাশফিয়া নেহরীন। অনিবর্যকারণে দলের অন্য দুই সদস্য ফ্রান্সে যেতে পারেননি। দলকে দ্বিতীয় পুরস্কার এনে দিতে পেরে কাশফিয়া যারপরনাই খুশি। উচ্ছ্বাসমাখা কণ্ঠে বললেন, ‘খুব ভালো লেগেছিল, যখন পুরস্কার পাওয়ার পর বিচারক প্যানেলের অকুণ্ঠ প্রশংসা আর অভিনন্দন পেয়েছিলাম। উন্নয়নশীল দেশের একজন সদস্য হিসেবে এ রকম প্রকল্প তাঁদের খুব অবাক করেছিল। আমি তাঁদের বলেছি আমাদের সোনার বাংলাদেশকে নিয়ে, বলেছি এই দেশে এ রকম আরও অনেক তরুণ আছেন, যাঁদের স্বপ্ন দেশটাকে সুন্দর করে পরিবেশবান্ধব করে গড়ে তুলবে। আমি তাঁদেরই একজন মাত্র।’

ফ্রান্স থেকে সম্মান বয়ে আনল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দল ‘স্টারলেটস’। ছবি: কবির হোসেন
ফ্রান্স থেকে সম্মান বয়ে আনল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দল ‘স্টারলেটস’। ছবি: কবির হোসেন

ফ্রান্সের ‘স্টুডিকা’ আয়োজিত এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য তরুণ প্রকৌশলীদের অভিনব চিন্তাভাবনাগুলোর সঙ্গে পরিচিত হওয়া, তাঁদের উৎসাহিত করা। শুরুতে স্টারলেটসের সদস্যরা ৩ স্লাইডের একটি প্রস্তাবনা তৈরি করে পাঠান। তারপর ১৭০টি দলের মধ্যে মাত্র ৩০টি দলের একটি হিসেবে তাঁদের যখন পুরো প্রস্তাবনা জমা দেওয়ার সুযোগ পায় স্টারলেটস, তখন থেকেই শুরু হয়ে যায় ব্যাপক পরিকল্পনা। বিস্তারিত বর্ণনা সহকারে প্রকল্পটি স্টুডিকার কাছে পাঠানোর পর নির্বাচিত ২১টি দলের প্রকল্প প্রকাশ করা হয়, যেখানে ভোটিং ও বিচারকদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত করা হয় ছয়টি দলকে। এই ছয়টি দল ১৭ অক্টোবর ফ্রান্সের মেরিনা লা ভ্যালিতে ‘গ্রিন সিটি ইভেন্ট’-এ তাদের প্রস্তাবনা উপস্থাপন করে। শুধু বাংলাদেশেরই নয়, পুরো এশিয়ার একমাত্র দল হিসেবে স্টারলেটস দেশের জন্য বয়ে আনল এই গৌরব।

এ সাফল্যের পেছনে রয়েছে তিন শিক্ষার্থীর ছয় মাসের কঠোর পরিশ্রম। স্টারলেটসের ডিজাইন নিয়ে রাতের পর রাত কাজ করেছেন তিন হবু প্রকৌশলী। তাঁদের একজন তাসফিয়া তাসনীম বলেন, ‘আমাদের কষ্ট আজ সার্থক মনে হচ্ছে। নিজেকে একজন ভালো পরিকল্পনাবিদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি।’

মূল আইডিয়াগুলোর কাজ করেছেন তাশনীম ফিরোজ। একমুখ গর্বের হাসি নিয়ে তাশনীম বললেন, ‘মোট চারটি প্রস্তাব রয়েছে আমাদের প্রকল্পে। বুয়েট ক্যাম্পাসের লাইব্রেরির সামনে ফাঁকা জায়গাটিতে পুকুর খনন করা। আর্কিটেকচার ও ইউআরপি ভবনের পেছনের খালি জায়গাটির জন্য প্রস্তাবে রয়েছে একটি সবজির বাগান করার, যে বাগানে কাজ করবে শিক্ষার্থীরাই। ক্যাম্পাসের সিভিল ভবন, ইএমই ভবন, আর্কিটেকচার ভবনের ছাদগুলোতে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার প্রস্তাবনাও ছিল এই প্রকল্পে, যেখানে পাইপ দিয়ে বৃষ্টির সঞ্চিত পানি ভূগর্ভে প্রবেশ করিয়ে ভূ-গর্ভস্থ পানির উচ্চতা নিয়ন্ত্রণ করা যাবে। আর ছিল জ্বালানি সাশ্রয়ী করে ক্যাম্পাসকে গড়ে তোলার জন্য ক্যাফেটরিয়ার সামনের রাস্তায় একটি “এনার্জি কনভার্টার স্লাইড” বসানোর প্রস্তাব, যা হাঁটার শক্তিকে বিদ্যুতে রূপান্তর করবে।’

ভবিষ্যতেও এই প্রকল্প নিয়ে বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে তিনজনের। বিশেষ করে তিন শিক্ষার্থীই চান বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থাটি কার্যকর হোক। বৃষ্টিবহুল এই দেশে খুবই সময়োপযোগী একটি পদক্ষেপ হবে এটি। নিজেরা প্রতিষ্ঠান গড়ে আরও তরুণের মাঝে নতুন কিছু করার আকাঙ্ক্ষাকে ছড়িয়ে দিতে চান স্টারলেটসের এই তিন শিক্ষার্থী।