সমপ্রতি এডিনবার্গ আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবে সুন্দর স্বপ্ন দেখানোর আইফোন অ্যাপস দেখানো হয়েছে। এই অ্যাপস ঘুমের মধ্যে সুন্দর সব স্বপ্ন দেখাবে। তা ছাড়া এটি পছন্দ অনুযায়ী সাউন্ডস্কেপ বা শব্দও তৈরি করবে। নতুন এই অ্যাপস নাম দেওয়া হয়েছে ‘ড্রিম-অন’। অ্যাপসটিতে প্রথমে সাড়া না-ও পাওয়া যেতে পারে। তবে পরবর্তী সময়ে এটি অবশ্যই সুন্দর স্বপ্ন দেখাতে সাহায্য করবে। স্বপ্ন দেখার পর এটি ব্যবহারকারীদের জাগিয়ে দেবে এবং এর প্রতিক্রিয়া ব্যক্ত করবে। শুধু তাই নয়, অ্যাপসটি বিছানায় রাখলে সহজেই সেটি বুঝতে পারবে ব্যবহারকারী জেগে আছে, না ঘুমিয়ে আছে।অ্যাপসটির নির্মাতা হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড ওয়াইজম্যান বলেন, এর মাধ্যমে স্বপ্নের বিজ্ঞান এবং কীভাবে স্বপ্নের পরিবর্তন করা যায়, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তিনি আশা করছেন, ব্যবহারকারীরা এটি দিয়ে তাদের স্বপ্ন রেকর্ড করতে পারবে এবং বন্ধুদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করবে। ‘ড্রিম-অন’ অ্যাপসটি আইফোন ব্যবহারকারীরা বিনা মূল্যে নামিয়ে নিতে পারবে। এই অ্যান্ড্রয়েড সংস্করণ তৈরির পরিকল্পনাও রয়েছে।ঘুমাতে যাওয়ার আগে ব্যবহারকারী ঠিক করে নেবে, কখন সে ঘুম থেকে জেগে উঠবে এবং কী ধরনের স্বপ্ন পছন্দ করবে। তারপর সে তার ফোনটি বিছানার নিচে রাখবে। ব্যবহারকারী যখন স্বপ্ন দেখবে, তখন এতে একটি মোশন সেন্সরের ব্যবহার হবে। ওয়াইজম্যান গভীরভাবে বিশ্বাস করেন, এর ফলে ঘুমের মধ্যে ভয়ংকর বা দুঃস্বপ্ন দেখার ব্যাপারটি কমে যাবে। ঘুমের মধ্যে এখন সহজেই দেখা যাবে সুন্দর-মিষ্টি স্বপ্ন।—হাফিংটন পোস্ট, ডেইলি মেইল অবলম্বনে প্রদীপ সাহা