সুন্দরবন দিবসে সুন্দরবনকে বিজয়ী করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিজয়ী করতে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। গতকাল ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত একাধিক অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান। গতকাল বাগেরহাট, মংলা ও যশোরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে সুন্দরবন দিবস উদ্যাপন পর্ষদের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মোয়াজ্জেম হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজম খান, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা বখতিয়ার নূর সিদ্দিকী, সুন্দরবন পূর্ব অঞ্চলের সহকারী বন সংরক্ষক গোলাম কুদ্দুস ভূঁইয়া, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন প্রমুখ। বক্তারা সুন্দরবনকে দক্ষিণ জনপদের মানুষের জীবন-জীবিকা ও প্রাণবৈচিত্র্যের জীবন্ত জাদুঘর হিসেবে বর্ণনা করে এই বন সংরক্ষণ ও এর ব্যবস্থাপনায় সরকারকে আরও বেশি যত্নশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস হিসেবে উদ্যাপনেরও দাবি জানানো হয়। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্বে সুন্দরবনকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।মংলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, ‘সুন্দরবন আমাদের বেঁচে থাকার অবলম্বন’ স্লোগানে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সুন্দরবন দিবস উদ্যাপিত হয়েছে। সকালে www.new7wonders.com ঠিকানার ওয়েবসাইটে সুন্দরবনকে ভোটদানের প্রচারণামূলক শোভাযাত্রার পর উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা। বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে ‘সুন্দরবনকে বাঁচিয়ে রাখুন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। যশোর অফিস জানায়, যশোর প্রেসক্লাবে সুন্দরবন দিবস উদ্যাপন অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সিডর-আইলার মতো শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ বুক দিয়ে ঠেকিয়েছে ম্যানগ্রোভ বন সুন্দরবন। ভোটের মাধ্যমে বিশ্ব ঐতিহ্যে সুন্দরবনকে দাঁড় করানোর ব্যাপারে সরকারের উদ্যোগ জরুরি বলে মত দেন তাঁরা। সভায় বক্তৃতা করেন রূপান্তরের মামুন কোরেশী, সাংবাদিক জমির আহমেদসহ অনেকে।