বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশনের আয়োজনে গত শনিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বিজয়ী করতে করণীয় শীষর্ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খবর বিজ্ঞপ্তির।বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেন, ‘আমরা দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হব এবং সুন্দরবনকে বিজয়ী করবই।’ তিনি জাতীয় সংসদে এ ব্যাপারে সাধারণ আলোচনার ব্যবস্থা করারও আশ্বাস দেন। সেমিনারে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা, গ্রিন ডেল্টা হাউজিংয়ের চেয়ারম্যান মো. নুরুল আমিনসহ আরও অনেকে বক্তব্য দেন। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন সুন্দরবন সমর্থক জাতীয় সমন্বয় কমিটির কো-চেয়ারম্যান হারুন অর রশিদ। সেমিনারে বক্তারা দেশের গৌরব সুন্দরবনকে বিজয়ী করার জন্য প্রধানমন্ত্রীকে প্রধান পৃষ্ঠপোষক করে জাতীয় পর্যায়ে একটি কমিটি গঠন, বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে ভোট সংগ্রহের কাজে সম্পৃক্ত করা, সব গণমাধ্যমকে প্রচারণায় সম্পৃক্ত করা, সুন্দরবনের পক্ষে প্রচারণার জন্য মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করাসহ সর্বস্তরের মানুষকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। সেমিনার শেষে ‘বাংলার গর্ব সুন্দরবন’ শীর্ষক জাতীয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ইন্টারনেটে ভোট-উৎসব অনুষ্ঠিত হয়।সুন্দরবনকে ভোট দেওয়া যাবে www.new7 wonders.com ঠিকানার ওয়েবসাইটে। মোবাইল ফোনে ভোট দিতে +০০৪৪৭৫৮৯০০১২৯০ এবং ল্যান্ডফোনে ভোট দিতে +০১২৪৪৭৫৮৯০০১২৯০ নম্বরে ফোন করে নির্দেশনা শোনার পর ৭৭২৪ চাপতে হবে।