সুন্দরবনকে ভোট দিতে বাগেরহাটে আয়োজন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্বে সুন্দরবনকে ভোট দেওয়ায় উৎসাহ দিতে বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সম্প্রতি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বাসতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সুন্দরবনকে ভোটদান ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।এ সময় প্রধান অতিথি বলেন, সুন্দরবন দেশের গর্ব, আর এ গৌরবকে ধরে রাখতে হলে সুন্দরবনকে সপ্তাশ্চর্য হিসেবে নির্বাচন করতে হবে। এ জন্য সুন্দরবনকে ভোট প্রদানের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, দেশের পর্যটনশিল্প বিকাশে সুন্দরবনের ভূমিকা অনন্য। তাই সুন্দরবনকে নিয়ে সরকারি ও বেসরকারিভাবে নানা প্রচারণা চলছে, যা সুন্দরবনকে সপ্তাশ্চর্য নির্বাচন তালিকায় এগিয়ে নিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকত আলী, বাগেরহাট-৩ আসনের সাংসদ বেগম হাবিবুন নাহার, বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন, পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলামসহ মংলা ও রামপালের বিভিন্ন ইউপির চেয়ারম্যানরা।সন্ধ্যায় এক দৃষ্টিনন্দন সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লোজআপ ওয়ানসহ দেশের খ্যাতিমান সংগীত ও চলচ্চিত্র তারকা শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। সুন্দরবনকে ভোটদানে উদ্বুদ্ধকরণের এ অনুষ্ঠানে প্রায় ১০ সহস্রাধিক মানুষের ঢলে উৎসবমুখর হয়ে ওঠে রামপালের গিলাতলা স্কুল চত্বর।—মংলা (বাগেরহাট) প্রতিনিধি