সুন্দরবনের জন্য প্রচারণা ভ্রমণ
সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে বিজয়ী করতে যাত্রা শুরু হলো সুন্দরবনের প্রচারণা ভ্রমণ। এর মাধ্যমে দেশের ৩১টি জেলায় ঘুরে ঘুরে ভোট সংগ্রহ করা হবে। এ জন্য গাড়িতে ভোট সংগ্রহের সব উপকরণ থাকবে। ভোট সংগ্রহের পাশাপাশি মানুষকে সুন্দরবনের পক্ষে ভোটদানে উৎসাহিত করা হবে। গতকাল শুক্রবার ঢাকার মহাখালী থেকে ক্যারাভ্যান ট্যুর ফর বাংলাদেশ নামের এই যাত্রা শুরু হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড যৌথভাবে এ আয়োজন করছে।যাত্রা শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলাম বলেন, সুন্দরবনকে বিজয়ী করতে সবাইকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে।বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার বলেন, সুন্দরবনকে বিজয়ী করতে তরুণ প্রজন্মকে উদ্যোগী হতে হবে।এ কার্যক্রম দুই দফায় চলবে ১ জুলাই থেকে ৫ আগস্ট এবং ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যারাভ্যান ট্যুরে সহযোগিতা করবে পপুলার ফার্মাসিউটিক্যালস ও বাংলাদেশ সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন।অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অর্থ ও প্রশাসন) জামাল আবদুন নাসের, বেঙ্গল ট্যুরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, অভিনেতা শহীদুল আলম সাচ্চু, অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী, মিতানূর বাংলাদেশ সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম ভূঁইয়া, পপুলার ফার্মাসিউটিক্যালসের মহাব্যবস্থাপক (বিপণন) শফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ক্যারাভ্যানের মিনিবাস, চারটি ঘোড়ার গাড়ি ও ব্যান্ড মহাখালী থেকে সংসদ ভবন পর্যন্ত একটি শোভাযাত্রায় অংশ নেয়। —মোছাব্বের হোসেন