সুন্দরবনকে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিজয়ী করতে গত রোববার থেকে পশ্চিমবঙ্গজুড়ে শুরু হয়েছে প্রচারাভিযান। ২১ আগস্ট পশ্চিমবঙ্গে প্রতিবছরের মতো এবারও পালিত হয়েছে সুন্দরবন দিবস। সুন্দরবনকে আরও সুন্দর করার প্রত্যয় নিয়ে পালিত হয়েছে দিনটি। এই উপলক্ষে সুন্দরবন অঞ্চলসহ রাজ্যের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। আর সব অনুষ্ঠান থেকেই সুন্দরবনকে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় বিজয়ী করার জন্য ব্যাপক প্রচার চালানোর প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া, ক্যানিংয়ের মাতলা নদীর চর, পার্থপ্রতীমাসহ বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় অনুষ্ঠানের। এর উদ্যোক্তা সুন্দরবন উন্নয়ন পর্ষদ এবং ফোরাম অব এনজিওএস। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী চৌধুরী মোহন জাটুয়া, পশ্চিমবঙ্গের সুন্দরবন উন্নয়নমন্ত্রী শ্যামল মণ্ডল, সাংসদ শেখ নূরুল ইসলাম, সাংসদ তরুণ মণ্ডল, বিধায়ক জুলফিকার মোল্লা, ফুটবলার ব্যারোটাসহ বিশিষ্টজনেরা। সব অনুষ্ঠানেই প্রস্তাব নেওয়া হয় সুন্দরবনকে পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে রাজ্যব্যাপী আরও বেশি করে প্রচারাভিযান চালানোর। সুন্দরবনের পক্ষে আরও বেশি করে ভোট দেওয়ার। —অমর সাহা, কলকাতা