সুন্দরবনের পক্ষে প্রচারণা চালাবে সাড়া দাও বাংলাদেশ
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্বে সুন্দরবনকে বিজয়ী করতে বিভিন্ন প্রচারণা এবং ভোট সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে ‘সাড়া দাও বাংলাদেশ’ নামের একটি সংগঠন। এই কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাড়া দাও বাংলাদেশের মুখপাত্র শাকিল মঞ্জুর। আলোচনায় অংশ নেন ঢাকার চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, সংগীতশিল্পী ফাহমিদা নবী, শফিক তুহিন, শহীদ, সাড়া দাও বাংলাদেশের সমন্বয়কারী মিল্টন দাশ, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য রায় প্রমুখ। বক্তারা বলেন, প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্বে আছে সুন্দরবন। তাই সবার কর্তব্য হচ্ছে সুন্দরবনকে জয়যুক্ত করা। খবর বিজ্ঞপ্তির।ফাহমিদা নবী বলেন, ‘আমরা চাই পৃথিবীর সামনে নতুন আরেক বাংলাদেশকে তুলে ধরতে। আমাদের প্রবাসী বাঙালিরা যদি সুন্দরবনের জন্য এগিয়ে আসেন, তাহলে সুন্দরবন বিজয়ী হবেই।’ মিল্টন দাশ বলেন, ‘আগামী নয় মাস আমাদের জন্য স্বপ্ন, শপথ আর অঙ্গীকারের বছর। ফেব্রুয়ারি “বাংলাদেশ উৎসব ২০১০”-এর মাধ্যমে সারা দেশ থেকে ভোট সংগ্রহ করা হবে।’ তিনি আরও জানান, সুন্দরবনের জন্য ‘বাংলাদেশ স্বপ্ন দেখে’ শিরোনামে একটি গানও তৈরি করা হয়েছে। শিগগির সব টিভি চ্যানেল ও রেডিওতে তা প্রচার করা হবে।