সুন্দরবনের পক্ষে ফেনী থেকে কক্সবাজার রোড শো
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বিজয়ী করতে গত বৃহস্পতিবার ‘ফেনী টু কক্সবাজার’ নামে তিন দিনের ‘রোড শো’ শুরু হয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সহযোগিতায় এবং বন্ধুর বন্ধন ফেনী জেলার আয়োজনে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে দুপুর দেড়টায় ‘রোড শো’র বহর চট্টগ্রামের দিকে যাত্রা করে।এর আগে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই রোড শোর উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অর্থ ও প্রশাসন) জামাল আবদুল নাসের। তিনি সুন্দরবনের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি ও ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তৃতা করেন ফেনী সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলতাফ হোসেন চৌধুরী, কোয়াবের সভাপতি নাজমুল করিম ভূঁঞা, ফেনী প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, রোড শোর পৃষ্ঠপোষক কমফোর্ট হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এনায়েত উল্লাহ, বন্ধুর বন্ধন ফেনী জেলার সভাপতি শেখ ফেরদাউস আনোয়ার, সাধারণ সম্পাদক ইলিয়াছ পাটোয়ারীসহ অনেকে। রোড শোর আগে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ করা হয়।আজ কক্সবাজারে আলোচনা সভা, শোভাযাত্রা ও ভোট সংগ্রহ করা হবে। আগামীকাল রোড শো ফেনী ফিরে আসবে। —নিজস্ব প্রতিবেদক, ফেনীবাহ্মণবাড়িয়ার বইমেলায় সুন্দরবনকে ভোট: বাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সপ্তাহব্যাপী বইমেলা উৎসবে জেলা প্রশাসনের সহযোগিতায় স্থাপিত ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টলে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। মেলার তৃতীয় দিন ২৩ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সব কর্মকর্তা ভোট দেন। জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, ‘আমাদের সবার ঐকান্তিক চেষ্টায় অবশ্যই সুন্দরবন চূড়ান্ত পর্বে বিজয়ী হবে।’ এই স্টলে দুটি পিসির মাধ্যমে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ করা হচ্ছে। —বিজ্ঞপ্তি