সুন্দরবন বাংলাদেশ আর ভারতের যৌথ সম্পদ। প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার বিস্তৃত সুন্দরবন ছড়িয়ে আছে দুই দেশে। এর মধ্যে ৬০ ভাগই বাংলাদেশে। সুন্দরবনে রয়েছে যেমন রয়েল বেঙ্গল টাইগার, তেমনই রয়েছে বহু বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণিকুল ও গাছপালা। এখানকার ম্যানগ্রোভ (শ্বাসমূলজাতীয় উদ্ভিদ) অরণ্যও বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। ইউনেসকো ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর সুন্দরবনকে ৭৯৮তম বিশ্ব হেরিটেজের তালিকাভুক্ত করেছে। এখন বিশ্বের সপ্তম প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ২৮টি স্থানের একটি এই সুন্দরবন।চূড়ান্ত বিজয় নিশ্চিত করার সুন্দরবনের পক্ষে প্রচুর ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারত ও বাংলাদেশের বন ও পরিবেশমন্ত্রীরা। গত রোববার কলকাতায় সুন্দরবন নিয়ে একটি আন্তর্জাতিক কর্মশালায় যোগ দিয়ে এ আহ্বান জানান বাংলাদেশের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং ভারতের বন ও পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ। হাছান মাহমুদ প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় সুন্দরবনকে অন্তর্ভুক্ত করার জন্য ভারত ও বাংলাদেশের মানুষকে আরও বেশি করে সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতজুড়ে আরও ব্যাপকভাবে সুন্দরবনের পক্ষে প্রচার চালাতে হবে। ভারত বিশাল দেশ। এই বিশাল দেশের মানুষের কাছ থেকে আমাদের অন্তত আরও ১০ থেকে ১৫ কোটি ভোট নিতে হবে সুন্দরবনের পক্ষে।’ তিনি বলেন, আমাদের বেশি করে ভোট দিয়ে তালিকার শীর্ষে তুলে আনতে হবে সুন্দরবনকে। এখনো এক বছরের বেশি সময় আছে। এ সময়ের মধ্যে ভারত থেকে সুন্দরবনের পক্ষে আরও বেশি করে ভোট দিতে হবে। এ ব্যাপারে এগিয়ে আসতে হবে দু দেশের সরকারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে। জয়রাম রমেশও বাংলাদেশের মন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে বলেন, ‘ভারতের বিভিন্ন রাজ্যে সুন্দরবনের পক্ষে প্রচার জোরদার করতে হবে।’ এ বৈঠকে পশ্চিমবঙ্গের সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমরা ইতিমধ্যে সুন্দরবনের পক্ষে প্রচারে নেমেছি। পশ্চিমবঙ্গে এ প্রচার আরও জোরদার হয়েছে।’ —অমর সাহা, কলকাতা