সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহের ক্যারাভ্যান
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বিজয়ী করতে দেশের ৩১টি জেলায় ঘুরে ঘুরে ভোট সংগ্রহ করা হবে। এ জন্য গাড়িতে ভোট সংগ্রহের সব উপকরণ থাকবে। ভোট সংগ্রহের পাশাপাশি মানুষকে সুন্দরবনের পক্ষে ভোটদানে উৎসাহিত করা হবে। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড যৌথভাবে এ আয়োজন করছে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেন, বাংলাদেশে পর্যটনের যে সম্ভাবনা রয়েছে, তা বাড়াতে পারলে এ দেশের অভাব থাকবে না। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বিজয়ী করতে পারলে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে আলাদাভাবে চিনবে।এ কার্যক্রম দুই দফায় চলবে ১ জুলাই থেকে ৫ আগস্ট এবং ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যারাভ্যান ট্যুরে সহযোগিতা করবে পপুলার ফার্মাসিউটিক্যালস ও বাংলাদেশ সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন।বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার বলেন, ‘নির্বাচনে সুন্দরবন এখন ভালো অবস্থানে আছে, আমরা একান্তভাবে চেষ্টা করলে সুন্দরবনকে এগিয়ে নিতে পারব। বেঙ্গল ট্যুরস লিমিটেডের নির্বাহী পরিচালক সৈয়দ মাসুদ আহমেদ বলেন, ‘আমরা সবাই মিলে আন্তরিকতার সঙ্গে কাজ করলে সুন্দরবন অবশ্যই প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিজয়ী হবে।’সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অর্থ ও প্রশাসন) জামাল আবদুন নাসের, বাংলাদেশ সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম ভূঁইয়া, পপুলার ফার্মাসিউটিক্যালসের মহাব্যবস্থাপক (বিপণন) শফিকুল ইসলাম বক্তব্য দেন। সংবাদ সম্মেলন শেষে ক্যারাভ্যানের মিনিবাস, চারটি ঘোড়ার গাড়ি ও ব্যান্ড প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত একটি র্যালিতে অংশ নেয়। —মোছাব্বের হোসেন