সুন্দরবনের পক্ষে রাঙামাটি সরকারি মহিলা কলেজে সভা
‘সুন্দরবন আমাদের অহংকার, সুন্দরবন আমাদের জীবন, সুন্দরবনের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর বুকে তুলে ধরতে আমাদের সবার ভোট দিতে হবে।’ গতকাল সোমবার প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোটদানে উদ্বুদ্ধ করতে রাঙামাটি সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত এক সভায় অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা এসব কথা বলেন।কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে কেন ভোট দেওয়া প্রয়োজন তা বলেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলামসহ অনেকে। ইন্টারনেট ও এসএমএসের মাধ্যমে কীভাবে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দেওয়া যায়, তা শিখিয়ে দেন বাংলা বিভাগের প্রভাষক বিপন চাকমা।কলেজের প্রথম বর্ষের ছাত্রী সুমিতা মোস্তফা বলেন, সুন্দরবন সম্পর্কে জেনে খুবই ভালো লাগছে। মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে তাৎক্ষণিকভাবে তিনটি ভোট দেওয়ার নমুনা দেখিয়ে সুমিতা বলেন, ‘যত দিন ভোট দেওয়ার সময় আছে তত দিন ভোট দেব। অন্যদেরও ভোট দিতে উদ্বুদ্ধ করব।’ কলেজের আট শতাধিক ছাত্রী প্রাকৃতিক সপ্তাশ্চর্যের শীর্ষস্থানে নিয়ে যেতে সুন্দরবনকে ভোট দেওয়ার ও ভোটদানে উৎসাহিত করার শপথ নেন। —নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি