সুন্দরবনের পক্ষে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে এগিয়ে নিতে এখনই সর্বস্তরের মানুষকে ভোট দানে উদ্বুদ্ধ করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে আরও বেশি করে ভোট দান ও প্রচারণায় এগিয়ে আসতে হবে। গতকাল শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে সুন্দরবন সমর্থক জাতীয় সমন্বয় কমিটি এবংওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশন আয়োজিত ‘বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বিজয়ী করতে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।বৈঠকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার বলেন, ‘প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে এগিয়ে নেওয়ার জন্য পর্যটন করপোরেশন ইতিমধ্যে বিভিন্ন স্থানে ৩০টির বেশি বড় বড় অনুষ্ঠান আয়োজন করেছে। এই কাজে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে পারলে ভোট গ্রহণ কার্যক্রম অনেক এগিয়ে যাবে। সমন্বয় কমিটির আহ্বায়ক মোহম্মাদ লিয়াকত আলী বলেন, ‘সুন্দরবনকে মোবাইল ফোনের মাধ্যমেও ভোট দেওয়া যায়। তাই বিভিন্ন প্রতিষ্ঠানকে মোবাইলে ভোটদানের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে। অভিনেতা আফজাল শরীফ বলেন, ‘সুন্দরবনকে ভোটদানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে আমাদের দেশের তারকাদের এগিয়ে আসতে হবে। বিভিন্ন টেলিভিশনে তারকাদের দিয়ে সুন্দরবনকে ভোটদানের পদ্ধতি বিজ্ঞাপন আকারে প্রচার করা উচিত।’বৈঠকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশনের সদস্যসচিব মুহাম্মদ আতা উল্লাহ খান, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক কামাল উদ্দিন আহমেদ, কক্সবাজার ক্লাব লিমিটেডের সভাপতি আবু সায়িদসহ অনেকে বক্তব্য দেন।সুন্দরবনকে ভোট দেওয়া যাবে www.new7wonders.com ঠিকানার ওয়েবসাইটে। টেলিফোনে ভোট দিতে +১ ৮৬৯ ৭৬০ ৫৯৯০,+১ ৬৪৯ ৩৩৯ ৮০৮০,+৪৪ ৭৫৮ ৯০০ ১২৯০—এই তিনটি আন্তর্জাতিক নম্বরের যেকোনো একটিতে কল করে নির্দেশনা শোনার পর ৭৭২৪ চেপে সুন্দরবনকে ভোট দেওয়া যাবে।—মোছাব্বের হোসেন