সুন্দরবনের পক্ষে ২১ হাজার কিলোমিটার সাইকেল ভ্রমণ
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট প্রদানে উৎসাহিত করতে খুলনা থেকে বাংলাদেশের ২১ হাজার কিলোমিটার সাইকেল ভ্রমণে বের হচ্ছে ১১ সদস্যবিশিষ্ট খুলনার একটি দল। ১১ নভেম্বর থেকে ২০১১ সালের ১১ নভেম্বর পর্যন্ত সাইকেল ভ্রমণকালীন অভিযাত্রী দল দেশের ৬৪টি জেলার ৪৮৩টি উপজেলা সফর করবে। বাংলাদেশ ডিবেটিং সোসাইটি এই কার্যক্রম হাতে নিয়েছে।গতকাল সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সুন্দরবনকে ভোট প্রদানে উৎসাহিত করতে সাইকেল ভ্রমণকারী দল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভ্রমণকারী দলের দলনেতা অভিষেক ঘরামি। এ সময় উপস্থিত ছিলেন দলের ব্যবস্থাপক এ এইচ এম জামালউদ্দিন।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ নভেম্বর বেলা ১১টায় খুলনা কালেক্টরেট চত্বর থেকে সমগ্র বাংলাদেশ ভ্রমণের উদ্দেশে যাত্রা শুরু হবে। আজ ২ নভেম্বর ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে, আগামীকাল ৩ নভেম্বর খুলনার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে, ৪ নভেম্বর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে। এ ছাড়া ৫ নভেম্বর ভ্রমণকারী দলের সঙ্গে বিশিষ্টজনের নৈশভোজ, ৬ নভেম্বর খুলনা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ, ৭ নভেম্বর খুলনা কেন্দ্রীয় শহীদ মিনার, গল্লামারী স্মৃতিসৌধ ও শিরোমণি যুদ্ধক্ষেত্র পরিদর্শন, ৮ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদ্বয়ের সঙ্গে সাক্ষাৎ, ৯ নভেম্বর অভিযাত্রী দলের মুখপত্র সুন্দরবন পরিক্রমার মোড়ক উন্মোচন এবং ১০ নভেম্বর সুন্দরবনের নলিয়ান রেঞ্জ পরিদর্শন কর্মসূচি পালন করা হবে।ভ্রমণ চলাকালে সুন্দরবনের পক্ষে প্রচারণাকারী দলটি প্রত্যেক জেলার ২৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সুন্দরবনের পক্ষে ভোটদানের বিবৃতি সংগ্রহ ও প্রচারের ব্যবস্থা, জেলা ও উপজেলায় ভোটদান ক্যাম্প স্থাপন, সুন্দরবনের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, সুন্দরবনভিত্তিক সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে।এ বিষয়ে অভিযাত্রী দলের ব্যবস্থাপক এ এইচ এম জামালউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এই কাজের মাধ্যমে আমরা সুন্দরবনের পক্ষে এক কোটি ভোট সংগ্রহের ও ১০ কোটি মানুষকে ভোট দানে উদ্বুদ্ধ করার স্বপ্ন দেখছি। খুলনাবাসীর অকৃত্রিম সহযোগিতা পাচ্ছি এবং সারা দেশের মানুষের সহযোগিতায় আশা করছি আমরা আমাদের লক্ষ বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে নির্বাচিত করতে পারব।’—খুলনা অফিস