সুপার কম্পিউটারের শীর্ষে ফিরবে ‘কে’র উত্তরসূরি!
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারের মুকুট হারানোর পর ‘কে’ কম্পিউটারের উত্তরসূরি হিসেবে আরেকটি সুপার কম্পিউটার তৈরির ঘোষণা দিয়েছে জাপানের ফুজিত্সু লিমিটেড। এক খবরে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, জাপানের সরকারি গবেষণা প্রতিষ্ঠান রিকেনের সঙ্গে যৌথভাবে এই সুপার কম্পিউটার তৈরি করবে ফুজিত্সু।ইয়াকোহামায় অনুষ্ঠিত ফুজিত্সু লিমিটেডের এক সভায় প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মাসামি ইয়ামামতো জানিয়েছেন, কয়েক বছরের মধ্যেই আবারও সুপার কম্পিউটিংয়ের শীর্ষে ফিরবে জাপান।১৮ জুন বিশ্বের দ্রুতগতির সুপার কম্পিউটার তালিকায় শীর্ষস্থান দখল করে যুক্তরাষ্ট্রের ‘সিকুইয়া’ নামের কম্পিউটারটি। কম্পিউটারটি তৈরি করেছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম)। জার্মান গবেষক হ্যানস মিউয়ার ও যুক্তরাষ্ট্রের গবেষক জ্যাক ডনগারা প্রতি ছয় মাস অন্তর সুপার কম্পিউটারের এই তালিকা প্রকাশ করেন।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লরেন্স লাইভমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে অবস্থিত ‘সিকুইয়া’ সুপার কম্পিউটারটি নিউক্লিয়ার অস্ত্র বিষয়ক কাজে ব্যবহূত হচ্ছে।সিকুইয়া কম্পিউটারের গতি প্রসঙ্গে আইবিএমের ভাইস প্রেসিডেন্ট ডেভিড তোরেক জানিয়েছেন, ৬৭০ কোটি মানুষ ক্যালকুলেটর ব্যবহার করে ৩২০ বছরে যে পরিমাণ হিসাব করতে সক্ষম সিকুইয়া মাত্র এক ঘণ্টায় সে হিসাব সম্পন্ন করতে পারে।আইবিএমের দাবি, তালিকায় থাকা দ্রুতগতির ১০টি সুপার কম্পিউটারের মধ্যে পাঁচটি তাদের তৈরি। ফুজিত্সুর ‘কে’ কম্পিউটারের তুলনায় সিকুইয়া ১.৫৫ গুণ দ্রুতগতির। কে কম্পিউটারটি প্রতি সেকেন্ডে ১০ পেটাফ্লপ গাণিতিক হিসাব করতে পারে। সিকুইয়া ক্ষেত্রে তা প্রতি সেকেন্ডে ১৬.৩২ পেটাফ্লপ। এক পেটাফ্লপ অর্থ প্রতি সেকেন্ডে ১ হাজার ট্রিলিয়ন গাণিতিক হিসাব করার ক্ষমতা।সিকুইয়া কম্পিউটারটিতে ১৫ লাখ প্রসেসর ব্যবহার করা হয়েছে। জাপানের ‘কে’ কম্পিউটারের ক্ষেত্রে প্রসেসর-সংখ্যা এর অর্ধেক। সিকুইয়া কম্পিউটারটি যথেষ্ট শক্তিসাশ্রয়ী বলেও দাবি করেছে আইবিএম।এর আগে চীনের তিয়ানহে-১ নামের সুপার কম্পিউটারকে পেছনে ফেলে ২০১১ সালে দ্রুতগতির সুপার কম্পিউটার হিসেবে তালিকার শীর্ষে উঠে আসে জাপানের ‘কে’ কম্পিউটার। ২০১০ সালে সুপার কম্পিউটার তৈরির দিক থেকে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছিল চীন।বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়া চীন, জার্মানি, জাপান, ফ্রান্স ও ইতালিতে সুপার কম্পিউটার রয়েছে।