সুপার কম্পিউটারের শীর্ষে যুক্তরাষ্ট্রের ‘টাইটান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুতগতির সুপার কম্পিউটারের তালিকায় শীর্ষ অবস্থানটি দখল করেছে যুক্তরাষ্ট্রের ‘টাইটান’। টেনেসি অঙ্গরাজ্যের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির এ সুপার কম্পিউটারটি এর আগে ২০০৯ সালে আরও একবার সুপার কম্পিউটার তালিকার শীর্ষ অবস্থানে এসেছিল। তখন এর নাম ছিল ‘জাগুয়ার’। এক খবরে বিবিসি জানিয়েছে, দ্রুতগতির সুপার কম্পিউটারের তালিকার শীর্ষ দুটি অবস্থান এখন যুক্তরাষ্ট্রের। জার্মান গবেষক হ্যানস মিউয়ার ও যুক্তরাষ্ট্রের গবেষক জ্যাক ডনগারা প্রতি ছয় মাস অন্তর সুপার কম্পিউটারের এ তালিকা হালনাগাদ করে প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত এসসি ১২ সুপার কম্পিউটিং সম্মেলনে টাইটানকে দ্রুতগতির সুপার কম্পিউটার হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।এর আগে ‘সিকুইয়া’ নামের কম্পিউটারটি বিশ্বের দ্রুতগতির সুপার কম্পিউটার তালিকার শীর্ষস্থানটি দখল করেছিল । সিকুইয়া কম্পিউটারটি নির্মাণ করেছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম)। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লরেন্স লাইভমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে অবস্থিত ‘সিকুইয়া’ সুপার কম্পিউটার নিউক্লিয়ার অস্ত্র বিষয়ক গবেষণার কাজে ব্যবহূত হচ্ছে।জাপানে অবস্থিত ফুজিত্সুর ‘কে’ কম্পিউটারকে পেছনে ঠেলে দিয়ে শীর্ষস্থান দখল করেছিল সিকুইয়া। এবার গতির দিক থেকে সিকুইয়াকে টপকে গেল ‘টাইটান’। টাইটানে জিপিইউ ও সিপিইউ প্রযুক্তির সমন্বয়ে এক নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কম্পিউটারটি প্রতি সেকেন্ডে ১৭.৫৯ পেটাফ্লপ গতিতে গাণিতিক হিসাব করতে সক্ষম। এক পেটাফ্লপ অর্থ প্রতি সেকেন্ডে ১ হাজার ট্রিলিয়ন গাণিতিক হিসাব করার ক্ষমতা।টাইটান কম্পিউটারটি গাড়ির ইঞ্জিন, জৈব জ্বালানি, পরিবেশ সংক্রান্ত তথ্য বিশ্লেষণে কাজ করে।