সুপার হিরোদের ঈদ ফ্যাশন
উৎসব এলে সবাই নতুন জামা পরে। কিন্তু সুপারহিরোরা ওই এক পোশাক দিয়েই পার করে দেন একের পর এক উৎসব! এ বিষয়ে রস+আলো প্রতিবেদক কথা বলেছিলেন তাঁদের সঙ্গে। মজার বিষয় হলো, সুপারহিরোরা এবার নাকি নতুন পোশাক পরবেন! চলুন, দেখে নেওয়া যাক, এবারের ঈদ ফ্যাশন নিয়ে কী ভেবেছেন তাঁরা।

সুপারম্যান
তাঁর ছোট প্যান্ট লাল হওয়ায় চিন্তিত। গরুর চোখ পড়লে আর রেহাই নেই! তাই তিনি এবার নামকরা ব্র্যান্ডের অন্য রঙের ছোট বস্ত্রটি কিনবেন বলে ঠিক করেছেন।

স্পাইডারম্যান
স্পাইডারম্যানও এই ঈদে লাল জামা পরার সাহস পাচ্ছেন না। এ ছাড়া তাঁর পোশাকের বুকের ওপরের মাকড়সার চিহ্নটি নিয়েও বেশ ঝামেলায় আছেন। কারণ, তাঁর বান্ধবীরা এই প্রাণীটি দেখলেই আঁতকে ওঠে। তাই আপাতত কালো রঙের পোশাকেই ভরসা পাচ্ছেন তিনি।

আয়রনম্যান
বিদ্যুতের দাম বাড়ায় পোশাকে ঠিকমতো চার্জ দিতে পারছেন না। ফলে তাঁর পাওয়ার ঠিকমতো কাজ করে না। এবার তাই পোশাক ঠিক রাখতেই একটা পাওয়ার ব্যাংক কিনবেন বলে ঠিক করেছেন।

ব্যাটম্যান
গরুর শিংয়ে পরানোর জন্য অনেক মালা পাওয়া যায় এই মৌসুমে। সেখান থেকে একটা কিনে নিয়ে নিজের শিঙে পরবেন বলে জানিয়েছেন।

হাল্ক
উত্তেজিত হয়ে গেলে হাফপ্যান্ট ছাড়া গায়ে কিছুই থাকে না তাঁর। এবার তাই ভালো একটা ফুলপ্যান্ট কিনবেন। টি-শার্টও কিনতে পারেন।

ক্যাপ্টেন আমেরিকা
খ্যাপা গরুর রোষানল থেকে বাঁচতে ধোলাইখালে তৈরি শক্তিশালী বর্ম কিনবেন বলে ঠিক করেছেন।