

ঈদের প্রস্তুতিতে কোন সুপারহিরোকে দিয়ে কী কাজ করিয়ে নেওয়া যায়? কাজ বাড়িয়ে দিয়ে সুপারহিরোদের কাছে সুপারভিলেন হলেন আবদুল্লাহ মামুর
ফ্ল্যাশ
ফ্ল্যাশ হচ্ছে সুপারহিরোদের উসাইন বোল্ট। সে আলোর চেয়ে বেশি গতিতে দৌড়াতে পারে। মানুষ এখন পারলে এক গ্লাস চিরতার রসও অনলাইনে অর্ডার করে! কিন্তু সেসব অর্ডার সময়মতো পৌঁছে দিতে ই-শপওয়ালাদের খেতে হচ্ছে হিমশিম! আসছে ঈদ উপলক্ষে তাই ফ্ল্যাশকে কাজে লাগানো যেতে পারে অনলাইন অর্ডার ডেলিভারির কাজে! যেকোনো অর্ডার সে নিমেষেই পৌঁছে দিয়ে দেশ ও জাতিকে কয়েকগুণ এগিয়ে দিতে পারবে এক চুটকিতেই!

সুপারম্যান
সুপারম্যানকে খুব সহজেই দূরপাল্লার বাস হিসেবে কাজে লাগানো যায়। ঈদে বাড়ি ফিরতে যে কী হ্যাপা, বাংলাদেশে জন্মালে সেটা বারাক ওবামাও টের পেতেন! ঈদে নাড়ির টানে বাড়ি যেতে চাওয়া আবেগী মানুষগুলোর সেই যাত্রাপথের ভোগান্তি কমাতে তাই সুপারম্যান হতে পারে শ্রেষ্ঠ উপায়! আকাশপথে ঢাকা টু ভূরুঙ্গামারী, ঢাকা টু ফেনী—এ রকম বিশেষ সার্ভিস খুলে সুপারম্যানের ঘাড়ে ঘরমুখী মানুষদের চাপিয়ে খুব সহজেই মানুষের যাত্রাপথে ভোগান্তি কমানো যায়।

আয়রনম্যান
আয়রনম্যানের নামের মধ্যেই লুকিয়ে আছে তার নতুন পেশা! আয়রনম্যানের সারা শরীর ঢাকা থাকে লোহা দিয়ে। তাই তাকে এই গরমে বাইরে দাঁড় করিয়ে রেখে গরম করে নিতে হবে। আর এই গরম আয়রনম্যান পরে জামাকাপড় ইস্তিরি করে দিতে পারবে স্রেফ হাত দিয়েই! ঈদের আগে আগে অনেক নতুন জামাকাপড় তো আছেই, পুরোনো কাপড়ও ইস্তিরি করতে হয়। ফলে আয়রনম্যানের চাহিদা এ সময় আকাশচুম্বী।
থর
থরের হাতের সেই বিখ্যাত হাতুড়ি দেখলে যে কেউ ভয়ে চিমসে যাওয়া মুড়ি হয়ে যেতে বাধ্য! এই থরকে লাগানো যেতে পারে শপিং মলের দারোয়ান হিসেবে। ঈদের সময় শপিং মলগুলোতে এমনিতেই লোকজনের পরিমাণ বেড়ে তাজিংডংয়ে উঠে পড়ে। এ সময় নিরাপত্তাব্যবস্থা ঠিক রাখতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয় প্রতিনিয়ত। এ ক্ষেত্রে থরকে গদার মতো হাতুড়ি হাতে দাঁড়িয়ে থাকতে দেখলে শপিং মলের নিরাপত্তা ভাঙার সাহস আর কারও হবে বলে মনে হয় না!