সুবন্ধু সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা যাকের
সারা যাকের

 আমার বয়স ২৫ বছর। গত বছর এমবিএ শেষ করেছি। আমরা দুই বোন, আমি বড়। ছোটবেলা থেকেই ভেবেছি, পরিবারের পছন্দেই বিয়ে করব। তাই কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করিনি। উচ্চমাধ্যমিক পাস করার পর থেকেই আমার জন্য পাত্র দেখা হচ্ছিল। সাত বছরে অনেক ছেলেই আমাকে দেখতে আসে। অবশেষে গত বছর পারিবারিকভাবেই আমার বিয়ে হয়। তখন ভেবেছিলাম, নতুন পরিবারে মানিয়ে নিতে পারব। কিন্তু যত সময় যাচ্ছে, ততই আমি ও আমার পরিবার অবাক হচ্ছি। তাদের সঙ্গে মানিয়ে নেওয়া খুব কঠিন। আমার শাশুড়ি চান না আমার স্বামী আমার সঙ্গে বেশি সময় কাটাক। তাঁরা আমাদের কোনো কথাই শুনতে চান না। তাঁদের মতো করে চলতে বলেন। আমার ও তাঁদের পরিবারের পরিবেশে অনেক পার্থক্য। আমার স্বামীও তেমন সমর্থন করছে না আমাকে। এই মাসে আমাদের বিয়ের অনুষ্ঠানের পর তাদের বাড়িতে নিয়ে যাবে। আমার খুব ভয় হচ্ছে, তাদের সঙ্গে কীভাবে মানিয়ে নেব?
নাম প্রকাশে অনিচ্ছুক

 প্রথমে তোমার স্বামীর সঙ্গে তোমার বোঝাপড়া করতে হবে। তবে বোঝাপড়াটা মিটিং বা আয়োজন করে করা চলবে না। দুজন একসঙ্গে থেকে দুজনকে বুঝতে হবে। নিশ্চয়ই তাকে শ্রদ্ধা করার বিষয়গুলো খুঁজে পাবে। আর সে-ও তোমার গুণগুলো বুঝতে পারবে।

তোমাদের পারিবারিক বিয়ে। তোমরা জীবন একেবারে প্রথম থেকে শুরু করেছ। তোমাদের ধৈর্য ধরতে হবে। তুমি যদি ইতিবাচক চিন্তা রাখো, দেখবে কষ্টটা সহনীয় হয়ে উঠবে। মনে রেখো, যেকোনো দুই পরিবারই কিন্তু এক রকম হয় না।

 আমার সমস্যা আমার মাকে নিয়ে। তিনি বিভিন্ন জায়গা থেকে প্রচুর ধার করেন। ব্যাংক, সমিতি এমনকি গ্রামে যেসব মানুষ সুদে ধার দেয়, তাদের কাছ থেকেও। আমার বয়স ২৫ বছর, আমি আট থেকে দশ বছর বয়স থেকে দেখে আসছি, তিনি এরকম ঋণগ্রস্ত। বাবা সরকারি ছোট পদে চাকরিজীবী ছিলেন, মায়ের এ ঋণ শোধ করার জন্য তাঁকে ২০০৩ সালে অবসর নিতে হয়েছে। আমাদের একটা বাড়ি ছিল, তা-ও বিক্রি করে দিতে হয়েছে। এরপর আমাদের সম্পত্তি বলে আর কিছুই নেই, মা-বাবা খালার বাড়িতে থাকেন। কারণ, খালার পরিবারের সবাই থাকে দেশের বাইরে।
২০০৭ সালে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আমি ঢাকায় এসে স্নাতক পর্যায়ে ভর্তি হই। কিন্তু বাড়ি থেকে টাকাপয়সা দেওয়া বা কোনো ধরনের সাহায্য বাবা-মা করতে পারেননি। ২০০৯ সালে আমি একটা চাকরি করা শুরু করি। এ অবস্থায় মা আবার ধারদেনায় জড়িয়ে পড়েন। একমাত্র বড় ভাই দায়িত্ব নিয়ে অনেক কষ্টে ধার শোধ করেন। কিছুদিন আগে আবার জানতে পারি, মা ভাবির গয়না বন্ধক রেখে টাকা নিয়েছেন, পরবর্তী সময়ে তা আর ছাড়ানো সম্ভব হয়নি। এর আগেও তিনি আমার নানি ও খালার গয়না বন্ধক রেখে টাকা নিয়েছেন। সেই ঋণ আমরা এখনো বহন করছি।
সংসারের শান্তির কথা চিন্তা করে আমি নিজে ধার করে মায়ের ঋণ পরিশোধ করি। মাকে জিজ্ঞেস করি আর কোনো ঋণ করেছেন কি না, তা আমাদের জানাতে, কিন্তু তিনি আমার মাথায় হাত রেখেও মিথ্যা বললেন। ব্যাপারটা জানার পর আমি খুব কষ্ট পাই। মা মানুষ হিসেবে সহজ-সরল। তবে প্রচুর মিথ্যা বলেন। ইদানীং কারও প্রতি আমার ভালোবাসা বা মায়া তুচ্ছ মনে হয়। আমি আজ সাত বছর একা থাকি। পরিবারের কোনো সদস্যই আমি খোঁজ না নিলে আমার খোঁজ নেন না। শুধু টাকা বা অন্য প্রয়োজন হলে তাঁরা আমার খবর নেন। আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। আমি নিজেও মানসিকভাবে বিপর্যস্ত।
এই পরিস্থিতিতে আমি জানতে চাই, আমার মায়ের এটা কি কোনো মানসিক সমস্যা?
নাম প্রকাশে অনিচ্ছুক
 তোমার মায়ের প্রতি তোমার ভালোবাসা, টান, দায়িত্ববোধ থাকবে, এটা স্বাভাবিক। তোমার ক্ষেত্রে বিষয়টা স্বাভাবিকের বাইরে চলে গেছে। তোমার একটু কঠিন হতে হবে। তোমার বড় ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখো। আর মা-বাবা নিজে থেকে ফোন না করলে তুমিও যোগাযোগ কোরো না।

তোমার প্রশ্ন, তোমার মা অসুস্থ কি না। আমার মনে হয়, তিনি মানসিকভাবে অসুস্থ। তাঁর চিকিৎসা প্রয়োজন। তোমার ভাইয়ের সঙ্গে পরামর্শ করে কোনো আত্মীয়ের মাধ্যমে তাঁকে মনোরোগ চিকিৎসকের কাছে নেওয়া যেতে পারে।

এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। সুবন্ধু সমীপেষু কলামে তারই সমাধান পাওয়া যাবে। 
এ বিভাগে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা:
সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।