সুবর্ণজয়ন্তী উপলক্ষে ওয়েবসাইট, অনলাইনে কুইজ প্রতিযোগিতা
তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর পাশাপাশি ৫০ বছরে বাংলাদেশের বিভিন্ন অর্জন তুলে ধরতে ওয়েবসাইট চালু এবং অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।
২৫ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে https://bangladesh50.gov.bd ঠিকানার সুবর্ণজয়ন্তী ওয়েবসাইট ও অনলাইন কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সব ভালো অর্জনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ ওয়েবসাইট ও কুইজ প্রতিযোগিতা শিশুসহ সব বয়সীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করার পাশাপাশি মেধার বিকাশ ঘটাবে।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, গৌরব, ঐতিহ্য, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও দর্শন বিষয়ে তরুণ প্রজন্মকে জানার সুযোগ দিতেই এ আয়োজন। প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে দেশে তৈরি ১৫০টি প্রযুক্তিপণ্য দেওয়া হবে।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত https://bangladesh50.gov.bd ঠিকানায় নিবন্ধন করে কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। উন্মুক্ত এ প্রতিযোগিতায় তিনটি বিভাগে ৮ থেকে ১২ বছর, ১৩ থেকে ১৮ বছর ও ১৯ বছর থেকে বেশি বয়সীরা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় কম সময়ে সর্বোচ্চ উত্তর দেওয়া ব্যক্তিদের থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
এটুআইয়ের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল মান্নান।