আবারও মগডালে আটকে গেল রঙিন বেলুনের গোছা! ‘তাহলে এবারও আমি পুরস্কার পাচ্ছি।’ বলে খুশিতে ডগমগ করতে করতে মায়ের কাছে এগিয়ে এল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আজওয়াদ বিন জিসান। মা জিজ্ঞাসা করলেন, ‘কেন?’ ‘বা রে, গতবারও যে উদ্বোধনের সময় বেলুন গাছে আটকে গিয়েছিল। আর আমি তো গতবার বিজয়ী হয়েছিলামই।’ এমনই সমীকরণ নিয়ে যখন ব্যস্ত জিসান, ওদিকে তখন গণিতের লড়াইয়ের ডাক দিয়েছে বেয়াড়া ঘণ্টাটা। ভোঁ দৌড়, জিসান পরীক্ষার কক্ষে। শুধু জিসান নয়, ১৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৮২ জন শিক্ষার্থীর সবার মধ্যেই ছিল গণিতের ভয় জয় করার এক দুঃসাহসিক চেষ্টা। বলছিলাম ১৪ জানুয়ারি গণিত উৎসব ২০১২ সালের সর্বশেষ আঞ্চলিক আয়োজনের কথা। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে এই আসর বসেছিল সুরমাপারের জেলা সিলেটের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজে। সুরমার শান্ত নদীতে সেদিন যেন সত্যি সত্যি ঢেউ তুলেছিল গণিতপাগল শিক্ষার্থীরা।ভোরের শীতল হাওয়া উষ্ণতা বাড়াতে শুরু করে শিক্ষার্থীদের পদচারণে। কারণ এরা যে আসতে শুরু করেছে সেই সকাল সাড়ে সাতটা থেকে। অপেক্ষার সময় পেরিয়ে সকাল নয়টায় জাতীয় সংগীতের তালে তালে আকাশে উড়তে শুরু করে তিনটি পতাকা। যার মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করেন ভেন্যু স্কুলের অধ্যক্ষ হোসনে আরা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা তোলেন শাহজালাল বিজ্ঞান, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা তোলেন ডাচ্-বাংলা ব্যাংক সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক হুমায়ন কবীর। উদ্বোধনী পর্বের পর যথারীতি শুরু হয় গণিত অলিম্পিয়াড। অলিম্পিয়াড শেষে শিক্ষার্থীরা ফিরে আসে মাঠে। এবার যে শুরু হবে উৎসবের আরেক আয়োজন। সাংস্কৃতিক পর্বটা শুরু হয় সিলেট বন্ধুসভার গান দিয়ে। গানটা তো গণিতপাগল শিক্ষার্থীরা সবাই জানে। তাই গলা মিলে সহস্র কণ্ঠের ডাক ‘আয় আয় আয়, গণিতের আঙিনায়’। যে ডাকে বাইরে ঘোরাফেরা করতে থাকা সবাই তখন মঞ্চের সামনের চেয়ারে। এরপর সিলেট বন্ধুসভার বন্ধু পলাশের একক অভিনয় তো হাসাতে হাসাতে পেটে খিল ধরিয়ে দেয়। ছিল শাহ আবদুল করিমের গান। কম যায়নি শিক্ষার্থীরাও। ‘তারা শুধু গণিত পারে’ এই ধারণাকে ভুল প্রমাণ করতে শিক্ষার্থীরাও অংশ নেয় এই পর্বে। ছোট্ট বন্ধু অর্চি গায় ‘আয় তব সহচরী’, ‘সেই রেললাইনের ধারে’ গানে ফারিয়া মেহজাবিনের সঙ্গে গলা মেলায় অন্যরাও। ছিল আবৃত্তি ও কোরাস গান। শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। মঞ্চে আসেন অতিথিরা। শিক্ষার্থীদের মনের কোণে জমা হওয়া প্রশ্নের উত্তর দিতে মঞ্চে উপস্থিত ছিলেন গণিতবিদ মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শাবিপ্রবির অধ্যাপক রাশেদ তালুকদার, রসায়ন বিভাগের প্রধান সাইফুল ইসলাম, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তরুণ কুমার শীল, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক শাখাওয়াত হোসেন ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার। প্রশ্নের কি আর শেষ আছে! ডানে, বাঁয়ে, সামনে বা পেছনে—সব স্থানে শুধু প্রশ্ন আর প্রশ্ন। ‘হাতে একটি চুড়ি ধরে রাখলে এর কেন্দ্র কোথায় হবে?’ ‘গ্যাসের আগুনে পানি লাগলে এর রং পাল্টে যায় কেন?’ এমন সব কঠিন প্রশ্নের সঙ্গে ছিল মজারও কিছু প্রশ্ন। যেমন—এক শিক্ষার্থী দাঁড়িয়ে প্রশ্ন করে বসল, ‘পাথরের কি বাচ্চা হয়?’ অমনি হো হো করে হাসির রোল পড়ে গেল সবার মধ্যে। একবার তো শিক্ষার্থীদের প্রশ্ন শুনতে তাদের রীতিমতো লাইনে দাঁড়াতে হয়। প্রশ্নোত্তর আর সাংস্কৃতিক আয়োজনের ইতি টানতে হয় ফলাফল ঘোষণার সময়। অতিথিদের এক মিনিট পর্বের পর শুরু হয় ফলাফল ঘোষণা। যেখানে চার ক্যাটাগরি থেকে মোট ৫৯ জন বিজয়ী হয়ে নিশ্চিত করে ঢাকার জাতীয় উৎসবে অংশগ্রহণের। অনেকেই এবার প্রথম অংশ নিয়ে বাজিমাত করে দিয়েছে। জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অদিতী তাদের একজন। সে জানায়, ‘অনেকেই বলেছিল তুই পারবি না। গণিত তো আর যেনতেন বিষয় নয়। তবুও আমি সাহস নিয়ে এসেছি। এখন তো মনে হচ্ছে আমি জাতীয় উৎসবেও বিজয়ী হব।’