সুলতানা খালার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের পাশের বাসায় থাকেন সুলতানা খালা। সেদিন বিকেলে এলেন আমাদের বাসায়। আমাকে দেখে প্রায় আর্তনাদ করে উঠলেন, ‘বাবা, দেশের এ কী অবস্থা!’

আমি বললাম, ‘খালা, পুরাই অস্থির অবস্থা!’

: প্রধানমন্ত্রী তো সংবিধান থেকে একচুলও নড়বেন না। ওদিকে বিরোধীদলীয় নেত্রী তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ইলেকশনে যাবেন না! বলো দেখি বাবা, কী জটিলতা!

: খালা, মহা জটিলতা!

মুখে পানের একটা খিলি চালান করতে করতে খালা বললেন, ‘তবে এই জটিলতা-অস্থিরতা কাটানোর একটা বুদ্ধি আছে আমার কাছে।’

আমি নড়েচড়ে বসে জিজ্ঞেস করলাম, ‘কী বুদ্ধি?’

: আমাদের সংসদে সংরক্ষিত মহিলা আসন আছে না?

: আছে।

: সেই আসনে নারী সাংসদ কতজন জানো?

: কত হবে, ৫০-৬০?

: দেশের খোঁজখবর দেখি কিছুই রাখো না! নারী সাংসদ আছেন ৪৫ জন।

আমি মাথা চুলকে বললাম, ‘তো এই নারী সাংসদদের দিয়ে কী করবেন?’

খালা পিচিক করে পিক ফেলে বললেন, ‘এই ৪৫ জন থেকে ১০ জন নারী সাংসদকে যদি পদত্যাগ করানো হয়, তাহলে ১০টা আসন ফাঁকা হবে কি না?

: হ্যাঁ, হবে।

: সেই ফাঁকা আসনে নতুন আরও ১০ জন নির্দলীয়, নিরপেক্ষ নারীকে নির্বাচিত করলেই ঝামেলা গন ইলেকশন অন! প্রধানমন্ত্রীর সংবিধানও থাকবে, বিরোধীদলীয় নেত্রীর তত্ত্বাবধায়ক সরকারও গঠন হবে।

আমি চোখ বড় বড় করে বললাম, ‘কীভাবে?’

: তুমি দেখি রাজনীতির কিছুই বোঝো না!

আমি বোকা বোকা হেসে মাথা নাড়লাম, ‘কিন্তু এই ১০ জনকে কারা নির্বাচিত করবেন?’

: কেন, সাংসদেরাই করবেন। এই আসনের সাংসদেরা তো আর ১০ জন সাংসদের মতো নন। সাধারণ একটা সংসদ সদস্যপদ বাতিল হলে নির্দিষ্ট এলাকায় গিয়ে নির্বাচন করতে হয়। এ ক্ষেত্রে সেই ঝামেলা নেই। সাংসদেরাই কাজটা সেরে ফেলতে পারেন।

: কিন্তু ব্যালান্স হবে তো?

: হবে না কেন?

: ১০ জন নিরপেক্ষ-নির্দলীয় নারীকে সমঝোতার ভিত্তিতেই নির্বাচিত করা হবে।

: বেশ।

: এ ছাড়া আমাদের এখনকার প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের প্রধান নারী, সংসদের স্পিকারও নারী। এখন নির্বাচনকালীন সরকারের ১০ জনও হবেন নারী!

খালার কথা শুনে আমি কিছুক্ষণ ঝিম মেরে বসে রইলাম। বুদ্ধি তো চমৎকার! একেবারে নারীস্থান! সুলতানা খালার স্বপ্ন। সুলতানা আন্টিস ড্রিম!