সুস্থ কোষ বাঁচিয়ে ক্যানসার নিরাময়ে 'বুদ্বুদ' চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিউমারের গভীরে ক্যানসার নিরাময়ের ওষুধ প্রবেশের নতুন প্রযুক্তি বের করেছেন সিঙ্গাপুরের একদল বিজ্ঞানী। এ প্রযুক্তিতে সুস্থ কোষ বাঁচিয়ে ক্যানসার কোষ ধ্বংস করাসহ কেমোথেরাপির বিভিন্ন সীমাবদ্ধতা দূর করা যাবে বলে দাবি তাঁদের।

সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (এনটিইউ) বিজ্ঞানীরা ক্যানসার চিকিৎসায় এই সাফল্য দাবি করেছেন। তাঁরা বলছেন, তাঁরা গ্যাসের ক্ষুদ্রাতিক্ষুদ্র বুদ্‌বুদ তৈরি করেছেন, যার সঙ্গে থাকে ক্যানসারের ওষুধের কণা ও আয়রন অক্সাইডের অতিক্ষুদ্র কণা। এসব বুদ্‌বুদ টিউমারের সুনির্দিষ্ট এলাকায় পৌঁছে দিতে ব্যবহার করা হয় কিছু চুম্বক। এরপর বুদ্‌বুদগুলো স্পন্দিত করার জন্য আলট্রাসাউন্ড ব্যবহার করা হয়। এর মাধ্যমে লক্ষ্যবস্তুতে ওষুধের কণাগুলো পৌঁছানোর জন্য পর্যাপ্ত শক্তি উৎপন্ন হয়।

অভিনব এই প্রযুক্তি তৈরির গবেষণায় নেতৃত্ব দিয়েছেন এনটিইউর স্কুল অব কেমিক্যাল অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক জু শেনজিয়ে এবং স্কুল অব ফিজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্সেসের সহযোগী অধ্যাপক ক্লস-ডায়েটার ওহল।

গবেষক দলটির তৈরি ক্ষুদ্র বুদ্‌বুদের কার্যকারিতা এরই মধ্যে ইঁদুরের দেহে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। গবেষণার ফল প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী এনপিজি (নেচার পাবলিশিং গ্রুপ) এশিয়া ম্যাটেরিয়ালসে। এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে পদার্থবিজ্ঞান-বিষয়ক শীর্ষস্থানীয় সাময়িকী।

বর্তমানে ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত কেমোথেরাপির ক্ষেত্রে প্রধান সমস্যাটা হলো, এই ওষুধ বহুলাংশে লক্ষ্যভেদী নয়। ওষুধের কণাগুলো রক্তস্রোতে প্রবাহিত হয়। এ সময় সুস্থ ও ক্যানসার কোষ উভয়ই ধ্বংস করে ফেলে। এ ছাড়া এসব ওষুধ সাধারণত দ্রুততার সঙ্গেই ফুসফুস ও লিভারের মতো অঙ্গপ্রত্যঙ্গে চলে যায়। ফলে তাদের কার্যকারিতা সীমিত হয়ে পড়ে। অবশিষ্ট ওষুধগুলোও টিউমারের কেন্দ্রের গভীরে ঠিকমতো প্রবেশ করতে পারে না। ফলে, কিছু ক্যানসার কোষ জীবিত থেকে যায়, পরে যা আবার টিউমারের সৃষ্টি করে।