সুয়ারেজ কেন কামড়ান?

এবারের বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দু লুইস সুয়ারেজ। দুঃখের বিষয়, এই আলোচনা খেলায় অসাধারণ নৈপুণ্যের জন্য নয়, মানুষ কামড়ানোর জন্য। ইতালির বিপক্ষে ম্যাচে কিয়েলিনিকে কামড় বসিয়ে দেওয়ার দৃশ্যটি এখন ইউটিউবের কল্যাণে ঘরে ঘরে পৌঁছেছে। শোনা যায়, সুয়ারেজের নতুন নাম হয়েছে ক্যানিবল সুয়ারেজ বা মানুষখেকো সুয়ারেজ। কেননা, এটাই প্রথম নয়, এই নিয়ে তিন-তিনবার মানুষ কামড়ালেন উরুগুয়ের এই প্রতিভাবান খেলোয়াড়। প্রথমবার ২০১০ সালে, তখন তিনি অ্যাজাক্স দলের হয়ে খেলতেন। দ্বিতীয়বার সুয়ারেজ কামড়ান ২০১৩ সালে চেলসি বনাম লিভারপুল ম্যাচে। আবারও সবাই হতবাক। তখনই ক্রীড়া মনোবিদ ড. টমাস ফওসেল বলেছিলেন, তাগিদ বোধ করলে আগামী পাঁচ বছরের মধ্যে সুয়ারেজ আবারও কামড়াবেন। হলোও তা–ই। কিন্তু সুয়ারেজ কেন কামড়ান?

এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পাওয়া যাচ্ছে নানা বিস্ময়কর তথ্য। সত্যি বলতে কি, মানুষ হয়ে অন্য মানুষকে কামড়ানো খুব একটা বিরল ঘটনা নয়! ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ বা এনআইএইচ-এর হিসাবে হাসপাতালের জরুরি বিভাগে আসা কামড় খাওয়া রোগীদের মধ্যে মানুষ কর্তৃক কামড়ের ঘটনা সংখ্যার দিক দিয়ে তৃতীয়। প্রথম দুটি বিড়াল ও কুকুরের কামড়। দক্ষিণ আফ্রিকায় কাউকে কামড়ানোর অপরাধে সর্ব্বোচ্চ ছয় মাসের জেল হওয়ার বিধান রয়েছে। তার মানে মানুষ কামড়ানো আসলে তেমন আশ্চর্য কোনো ব্যাপার নয়। মনোবিজ্ঞানীরা বলছেন অপরকে কামড়ানো একটি আদিম প্রবৃত্তির মধ্যে পড়ে। এটা শিশুরা অনেক সময় করতে পারে। মানুষ বড় হতে হতে চারপাশ থেকে সভ্য সমাজের নিয়মকানুন শিখে নেয় বলেই বড়রা এটা করে না। তবে আবেগ বা ক্রোধ হিতাহিতজ্ঞানকে ছাড়িয়ে গেলে অনেক সময় কারও পক্ষে সভ্য সমাজের নিয়মকানুন মেনে চলা কঠিন হয়ে পড়তে পারে। বেরিয়ে আসতে পারে লুকিয়ে থাকা গোপন আদিম প্রবৃত্তি। এটাই ঘটে সুয়ারেজের বেলায়। তার মানে কি সুয়ারেজ শিশুর মতোই সরল? নাকি একজন মানসিক রোগী? এ নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্কের সূত্রপাত হয়েছে। উরুগুয়ে বলছে কিয়েলিনির ক্ষতবিক্ষত কাঁধের ছবি নাকি ফটোশপ করা। উরুগুয়ে ফুটবল ফেডারেশনও দাঁড়িয়েছে তাঁর পাশে। এক কর্মকর্তা বলেছেন, কিয়েলিনি যদি কাঁধের আঁচড় দেখাতে পারেন তবে সুয়ারেজও থেঁতলানো চোখ দেখাতে পারেন। ফুটবল মাঠে অনেক কিছুই হয়—লাথি, ঘুষি, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, কনুই দিয়ে গুঁতো। আর কিছুতে দোষ নেই, কেবল কামড়ানোতেই দোষ? এ কথা সুয়ারেজ তাহলে বলতেই পারেন!
তানজিনা হোসেন: লেখক ও চিকিৎসক