সূচকময় জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের মতো আমাদের জীবনেও আছে উত্থান–পতন। সেসবের চিত্র সূচক দিয়ে দেখলে কেমন হয়? 

খবর: ২০১০ সালে ধসের পাঁচ বছর পরও বিনিয়োগকারীর কাছে এখনো আস্থাহীন দেশের শেয়ারবাজার। এখনো এটি পুঁজি হারানোর বাজার। ভালো-মন্দ বেশির ভাগ কোম্পানিতে বিনিয়োগ করেও লাভের দেখা মিলছে না। তাই বাজারে আসতে নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে না বিনিয়োগকারীদের মধ্যে। (সূত্র: প্রথম আলো, ২৫ জানুয়ারি ২০১৬)

লেখাপড়ার বাজারে সূচক
১. ভর্তির পর ফার্স্ট ইয়ারের শুরু: ছাত্র ভাবছে স্কুল–কলেজজীবনের মতো পড়ালেখা করে ভার্সিটি লাইফেও দেখিয়ে দেবে। মা–বাবার নাম উজ্জ্বল করবে, নিজের ভবিষ্যৎ হবে ফকফকা।
২. ফার্স্ট ইয়ার শেষে: দুই সাবজেক্টের ব্যাক লক খেয়ে কোনো রকমে টেনেটুনে পার। নাহ্, এভাবে চলতে দেওয়া যায় না। ঘুরে দাঁড়াতেই হবে। মনে মনে প্রতিজ্ঞা আঁটে ছাত্র।
৩. সেকেন্ড ইয়ারের শেষে: প্রতিজ্ঞার দরুন কিছুটা উন্নতি হয়। ফেল না করলেও কোনো রকম পাস মার্ক নিয়ে থার্ড ইয়ারের মুখ দেখার সৌভাগ্য।
৪. শিক্ষাজীবনের বাকি সময়: বাকি সময়টা জুড়ে শুধু একটা চিন্তাই থাকে—এভাবেই ফেল এড়িয়ে কোনো রকমে অনার্স পাস হয়ে গেলেই হয়।

প্রেমের বাজারে সূচক
সম্পর্ক শুরুর কয়েক মাস: রেস্তোরাঁয় নিয়মিত ডেটিং, প্রেমিকার বন্ধু–বান্ধবকে সঙ্গে নিয়ে হ্যাং–আউটে যাওয়া, উপলক্ষ কিংবা উপলক্ষ ছাড়াই গিফট দেওয়া–নেওয়া।
আরও কিছুদিন পর: হঠাৎ কেউ একজন উপলব্ধি করে সম্পর্কটা ঠিক জমছে না। শুরু হয় ছোটখাটো বিষয় নিয়ে মান–অভিমান, ঝগড়াঝাঁটি।
ছয় মাস পর: প্রেমিক, ক্ষেত্রবিশেষে প্রেমিকাও এগিয়ে আসে। ভুল স্বীকার করে নেয়। সম্পর্ক আবার একটু ভালোর দিকে চলতে থাকে।
এক বছরের মাথায়: বড় ধরনের ঝগড়াঝাঁটি হওয়ার পর মাঝেমধ্যে ছোটখাটো ঝগড়া বাধতে থাকে। ওগুলো নিজ থেকেই ঠিক হয়ে যায়, সম্পর্কটা চলতে থাকে না শুরুর আনন্দের মতো, না শেষের বিরহের মতো।

মধ্যবিত্তের বাজারে সূচক
মাসের প্রথম ১৫ দিন: বেশ সুখেই কাটছে দিন। বেতন ওঠানোর পর খরচ হচ্ছে দুই হাতে। ছেলের বায়না, মেয়ের আবদার—সব পূরণ করা যাচ্ছে আরামসে। শখের জিনিসপত্রও কেনা যাচ্ছে।
১৫ তারিখের পর: ১৫ তারিখে হঠাৎ খেয়াল হলো বেতন প্রায় শেষের দিকে! শুরু হলো মাথাব্যথা। কী করে চলবে মাসের বাকিটা!
মাসের ২০ তারিখে: ২০ তারিখে কাছের কিছু বন্ধু, আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা ধার পাওয়া। সেটা দিয়ে আবার কটা দিন দিব্যি কাটছে।
মাসের শেষে: ধারকৃত টাকায় কোনোরকমে খেয়ে–পরে মাসের ৩০ তারিখ পর্যন্ত সংসার চালানোর আপ্রাণ চেষ্টা। একেবারে না চললে সঞ্চয় ভাঙানো কিংবা আরও কিছু ধার–দেনা করে দিন গুজরান।