সূর্যোদয়ের দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপান ঘুরে এল ঢাকা বিশ্ববিদ্যালয় জাপান স্টাডি সেন্টারের এই শিক্ষার্থীরা
জাপান ঘুরে এল ঢাকা বিশ্ববিদ্যালয় জাপান স্টাডি সেন্টারের এই শিক্ষার্থীরা

সূর্যোদয়ের দেশ জাপান ভ্রমণের স্বপ্ন কার না থাকে! কিন্তু সেই স্বপ্ন যে এত দ্রুত বাস্তব হবে তা ভাবিনি কখনো। শুধু আমিই নই, সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টারের ১৮ জনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৯০ জন শিক্ষার্থী। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন সেন্টারের (জাইস) উদ্যোগে জেনেসিসি-২ কর্মসূচিতে ৮ ডিসেম্বর আমরা ঢাকা ছাড়ি। সে সফরে আমরা জাপানে কাটিয়েছি ১০ দিন।
আমরা উঠেছিলাম হোটেল স্পিরিংস মাকুহারিতে। সেখানেই আমাদের সবার সঙ্গে পরিচিতি পর্ব শেষ করে আয়োজকেরা। সংস্কৃতি বিনিময়ের এই আয়োজনে প্রতিটি শিক্ষার্থীকে তাঁর দায়িত্ব-কর্তব্য সম্পর্কে অবহিত করা হয় সেখানেই।
জাপানে আমরা ১০ দিন কাটিয়েছি বিভিন্ন শহরে ঘুরে। গিয়েছিলাম ইডো-টোকিও জাদুঘরে। এখানে জাপানের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ইডো যুগের নানা নিদর্শন স্থান পেয়েছে। বিস্ময় নিয়ে সহপাঠী অফেলিয়া মোহাইমেন বলেন, ‘আমার সবচেয়ে ভালো লাগছে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখে। নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে কতটা মরিয়া জাপানিরা।’ ইডো সময়কালে যে স্থানটিকে ঘিরে জাপানিদের শিল্প-সংস্কৃতির বিকাশ সেই আসাকসাতে কয়েক ঘণ্টা পর পৌঁছালাম। সেখানে প্রাচীন ও হূদয়স্পর্শী বুদ্ধমন্দির সেনজইয়ের চারপাশে দেখা মিলল শত শত জাপানির। সেদিনই ঘুরে দেখেছি জাপানের বিখ্যাত ইলেকট্রনিকস পণ্যের খোলা দোকান।
‘দ্রুতগতির ট্রেন’ কাকে বলে ১১ ডিসেম্বর বুঝেছি। হাজার মাইল পথ পাড়ি দিয়ে নিমেষেই পৌঁছে গেলাম জাপান সাগরতীরের ইশিকাওয়ায়। আমাদের গাইড কাজিহারা আকিকো ইশিকাওয়া জানালেন অজানা এক তথ্য, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ৪৭টি প্রিফেকচারের মধ্যে এই ইশিকাওয়া শত্রুর আক্রমণ থেকে রক্ষা পায়। ফলে অনেক মূল্যবান সাংস্কৃতিক সম্পদ এখনো অক্ষুণ্ন আছে।’
১২ ডিসেম্বর নোমুনারা সামুরাই রেসিডেন্সে ঘুরতে গেলাম আমরা। সামুরাইদের বাড়ি, অস্ত্র, পোশাক দেখে মুগ্ধ সায়েম বলল, ‘ছোটবেলায় ইচ্ছে ছিল সামুরাই হব। সেটা তো পারিনি। কিন্তু এখন সামুরাইদের বাড়িতে এসে সেই স্বপ্ন কিছুটা পূর্ণ হলো।’
কনকনে শীত আর ঠান্ডা হিমশীতল বাতাস। আমরা ছুটে চললাম কাগা ইয়োজেন ইন্ডাস্ট্রি সেন্টারে। সেখানে জাপানের ঐতিহ্যবাহী মূল্যবান কিমোনো পোশাক দেখে ইকবাল জাহান নীলা আর আল আমিনের অফসোস, ‘যদি একটা কিমোনো নিতে পারতাম, তাহলে সব সময় কিমোনো পরেই ঘুরতাম।’ পরদিন সকালেই গেলাম কানাজাওয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (কেআইটি) ও জাপান অ্যাডভান্স ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (জাইস্ট)। উচ্চশিক্ষার মান উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে কাজ করছে এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে পড়ছে এমন বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়ে সন্ধ্যা নাগাদ ফিরলাম রুমে।
আমাদের প্রত্যেককেই জাপানি কোনো পরিবারের সঙ্গে থাকতে হয়েছে। রাতে হোস্ট ফ্যামিলির সঙ্গে থাকার অভিজ্ঞতা দুই কথায় প্রকাশ করলেন আবুল মোমিন আর জুবায়ের আহমেদ, ‘আসলে জাপানিদের আতিথেয়তা চিরস্মরণীয়।’
হোটেল স্পিরিংস মাকুহারিতে আমাদের সঙ্গেই উঠেছিলেন আফগানিস্তান থেকে আসা আরও ৯০ জন শিক্ষার্থী। তাঁদের সঙ্গেই গ্রুপ প্রেজেনটেশন হবে। সবাই সেই গ্রুপ প্রেজেনটেশনের জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। ১৬ ডিসেম্বর সকাল, আমরা সবাই জাতীয় সংগীত গেয়ে বিজয় দিবস উদ্যাপন করেছি।
আফগান শিক্ষার্থীদের সঙ্গে গ্রুপ প্রেজেনটেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো বিকেল হতেই। আমাদের শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত হন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ কর্মকর্তারা। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র হাতে পেয়ে বেশ উচ্ছ্বসিত লাগছিল সবাইকে। আর সে উচ্ছ্বাস ডানা মেলতেই বেজে ওঠে বিদায়ের ঘণ্টা।