
জাপান সরকার আমাকে আমন্ত্রণ জানিয়েছে! ই-মেইলে সেই আমন্ত্রণপত্র পাওয়ার পর রক্ত হিম হওয়ার জোগাড় হয়েছিল। তখন নতুন দেশ ভ্রমণের উত্তেজনায় রীতিমতো স্বপ্নে ভাসছিলাম। এত সহজে সুযোগ মিলবে, ভাবিনি! বলছিলাম ‘ক্যাম্পাস এশিয়া সামার স্কুল ২০১৩’-এর কথা। গত ১৭ থেকে ২৯ সেপ্টেম্বর জাপানের কিউহিসসু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে দুই সপ্তাহের এই স্কুল। বাংলাদেশ থেকে অংশগ্রহণের সুযোগ হয় দুজনের। আমি ছাড়া অন্যজনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ওর নাম ফিরোজ সরকার।
দ্বিতীয় দিন ছিল শুধুই ঘুরে বেড়ানোর দিন। নানা দেশের শিক্ষার্থীদের সঙ্গে গেলাম কুজু শহরে। এই শহর নাকি ভূপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উচ্চতায়। শহরটি দেখতে একদম ছবির মতো। তারপর দেখার সুযোগ হলো জীবন্ত আগ্নেয়গিরি আসো মাউনটেইন! দিনভর দুই চোখ ভরে দেখে নিলাম জাপানের সৌন্দর্য। ঘুরতে ঘুরতে জাপানিদের পরিশ্রম ও হূদ্যতা দেখে অবাক না হয়ে পারছিলাম না।
পরদিন সকাল দেখলাম ফিরোজের ডাকে। সে দিন আমাদের নিয়ে যাওয়া হলো বিশ্বের সব চেয়ে বড় ইস্পাত নির্মাণ কোম্পানি নিপ্পন ওইটা ও জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টে। হেলমেট পরে চার হাজার ডিগ্রি তাপমাত্রার ইস্পাত নির্মাণ কারখানার ভেতরে ঢোকা, সে এক দারুণ অভিজ্ঞতা!
পরদিন থেকেই সপ্তাহজুড়ে করতে হয়েছে ১৫টি কোর্সের ওপর লেকচার। জাপানি অধ্যাপকদের ক্লাসে মন্ত্রমুগ্ধের মতো কথা শুনেছি। প্রতিটি ক্লাসের শেষেই হয়েছে কুইজ টেস্ট। যা আমার কাছে বেশ নতুন অভিজ্ঞতা।
দেখতে দেখতে সাত দিন কেটে গেছে। সে দিনই ঘুরে এলাম প্লাজমা রিসার্চ সেন্টারে। আমাকে কাজ করতে হলো ম্যাটেরিয়াল কেমিস্ট্রির ওপর। আমার সুপারভাইজার বাংলাদেশি ট্রাকের ছবি দেখিয়ে বললেন, ট্রাক থেকে নির্গত দূষিত পদার্থ ম্যাটেরিয়াল ক্যাটালাইসিস কীভাবে দূর করা যায়, তা-ই গবেষণা করতে। রাত জেগে রিসার্চ প্রোপোজালের কাজ করলাম কোরিয়ান, চায়নিজ আর জাপানিজ বন্ধুদের সঙ্গে। প্রেজেন্টেশন দেখে অধ্যাপক যখন বললেন ‘পারফেক্ট’, মনে হলো যাক হাড়ভাঙা খাটুনি তাহলে সার্থক!
সমাপনী অনুষ্ঠান ছিল আমার জন্য বিরাট বিস্ময়ের, কারণ ওই দিন ঘোষণা করা হলো আমার নাম! আমার কাজের জন্য দেওয়া হলো সার্টিফিকেট। পরদিনই ছিল জাপানে আমাদের শেষ দিন। দুটি সপ্তাহ যেন হাওয়ায় উড়ে গেল। শুধু রয়ে গেল বিদেশি বন্ধুদের স্মৃতি, আর জীবনের ঝুলিতে নতুন কিছু অভিজ্ঞতা!