সৃজনশীল ধারণা নিয়ে প্রস্তুত হচ্ছেন শিক্ষার্থীরা

মো. রিয়াজুল হক এবং নীলু সাহা, দুজনেই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। ‘ইএটিএল প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪’-এ তাঁরা অংশগ্রহণ করবেন। শিগগিরই তাঁরা জমা দেবেন ধারণাপত্র বা কনসেপ্ট নোট। তাঁদের ধারণাটাও চমৎকার। রিয়াজুল ও নীলু এমন একটি অ্যাপ বানাবেন, যা হবে প্রতিবন্ধীদের জন্য। আমেরিকান ইশারা ভাষা (এএসএল) ব্যবহার করে তাঁরা মোবাইল ক্যামেরার মাধ্যমে প্রতিবন্ধীদের অঙ্গভঙ্গিকে এএমএসে রূপান্তর করতে চান। গতকাল শনিবার ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ইএটিএল প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর বিশ্ববিদ্যালয় কার্যক্রমে রিয়াজুল ও নীলু তাঁদের পরিকল্পনার কথা জানান। সৃজনশীল অ্যাপের ধারণা নিয়ে এমন অনেক শিক্ষার্থীই প্রস্তুতি নিচ্ছেন এখন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে মোবাইল অ্যাপস তৈরি করার বিভিন্ন তথ্য দেওয়া হয়। দুপুরে ইউআইইউ সম্মেলনকক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তব্য দেন ইএটিএলের নির্বাহী প্রধান নিজামুদ্দীন আহম্মেদ। তিনি বলেন, অ্যাপস নির্মাণ করুন এবং ইএটিএলের মাধ্যমে সহজেই বাজারজাতকরণের সুবিধাটি কাজে লাগান। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউআইইউয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) সহকারী অধ্যাপক মো. ফয়সাল কবির।
অনুষ্ঠানের শেষে গত বছরের প্রতিযোগিতায় বিজয়ী আবদুল মুনিম তাঁর অভিজ্ঞতার কথা বলেন।
প্রতিযোগিতায় নিবন্ধন করার ওয়েব ঠিকানা: www.eatlapps.com।—মো. রাফাত জামিল