পরামর্শঅংশ-৩
প্রিয় শিক্ষার্থী, গতকালআমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন ও প্রশ্নের নমুনা উত্তর নিয়ে আলোচনা শুরু করেছিলাম। গতকালের আলোচনার শেষাংশে উল্লিখিত পূর্ণাঙ্গ উত্তরটি আজ আলোচনা করা হলো।
‘চিত্র-১-এ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির যে কারণটির প্রতিফলন ঘটেছে তা হচ্ছে—কালো ধোঁয়া বা কার্বন ডাই-অক্সাইড।
কাজের খোঁজে প্রতিদিন অধিক হারে মানুষ শহরমুখী হচ্ছে। ফলে শহরে বাড়ছে জনসংখ্যার চাপ। বর্ধিত জনসংখ্যার চাপে বাড়ছে অপরিকল্পিত বাড়িঘর ও দালানকোঠার সংখ্যা। বেড়ে চলেছে বিভিন্ন প্রকার যানবাহনের সংখ্যা। বাড়ছে শিল্প-কারখানা ও ইট-ভাটার সংখ্যাও। এই যে বর্ধিতসংখ্যক যানবাহন, শিল্প-কারখানা এবং ইটভাটা—এগুলো প্রতিনিয়ত কালো ধোঁয়া উদিগরণ করছে। তাতে নগরের বায়ুতে কার্বনের পরিমাণ বৃদ্ধি করছে।
একটি হিসাব অনুযায়ী বিগত ১০০ বছরে পৃথিবীতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে প্রায় ২৫ শতাংশ।
সুতরাং চিত্র-১ প্রদর্শিত কল-কারখানা, গাড়ির কালো ধোঁয়ার উদিগরণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ হিসেবে কাজ করছে।
সৃজনশীল প্রশ্নের ‘ঘ’ অংশটির জন্য উদ্দীপকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ ফুটিয়ে তোলার পাশাপাশি তা প্রশমনে গৃহীত একটি কার্যক্রম প্রদর্শিত (চিত্র-২) হয়েছে। এরই আলোকে ‘ঘ’ প্রশ্নে ওই কার্যক্রমের কার্যকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের মতামত চাওয়া হয়েছে। শিক্ষার্থীরা এ প্রশ্নের উত্তর লিখতে গিয়ে উদ্দীপকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রশমনে তাদের পাঠ্যবইয়ে বর্ণিত কোন কার্যক্রমটি প্রতিফলিত হয়েছে তা খুঁজে বের করতে হবে। আর সেটি হচ্ছে বনায়ন। শিক্ষার্থীদের উত্তরে এ উপাদানটি খুঁজে পাওয়া গেলে এর জন্য ১ নম্বর দিতে হবে। এরপর বনায়ন সম্পর্কে শিক্ষার্থীরা যদি নিজের ভাষায় কিছু বুঝিয়ে লিখতে পারে, তাহলে আরও ১ নম্বর পাবে। এ বনায়ন কার্যক্রমটি কীভাবে বৈশ্বিক উষ্ণতা প্রশমনে অবদান রাখে, তা যদি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারে তবে আরও ১ পাবে। সর্বশেষ বনায়ন, বনায়নের ধারণা, বনায়নের সুফলকে বাস্তব পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত করে নিজের মতামত উপস্থাপন করতে পারে (প্রকারান্তরে বনায়ন কার্যক্রমের কার্যকারিতা মূল্যায়ন করতে পারে) তবে পূর্ণ নম্বর অর্থাৎ ৪ পাবে। পূর্ণ নম্বর পাওয়ার জন্য ‘ঘ’ প্রশ্নের নমুনা উত্তর হতে পারে—
চিত্র-২-এ বৈশ্বিক উষ্ণতা প্রশমনে যে কার্যক্রমটি প্রত্যক্ষ করা যায় তা হচ্ছে বনায়ন। বর্তমান বিশ্বে পরিবেশদূষণের সবচেয়ে বড় কারণ হলো বন উজাড়করণ। নির্বিচারে বৃক্ষরাজি কেটে ফেলার কারণে প্রাকৃতিক বনাঞ্চলের পরিমাণ কমে যাচ্ছে। তাতে বিভিন্ন অঞ্চল/এলাকা বৃক্ষশূন্য হয়ে পড়ছে। এ বৃক্ষ বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে যে ভারসাম্য রক্ষা করত তা বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায় বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে বায়ুমণ্ডলে ওজোনস্তর ক্ষয়কারী সিএফসি গ্যাস অধিক হারে বেড়ে যাচ্ছে। তাতে পৃথিবীপৃষ্ঠ ক্রমাগত উষ্ণ হয়ে উঠছে।
ওপরে বর্ণিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রধান কারণ যেহেতু বৃক্ষরাজি নিধন; সেহেতু এর থেকে রক্ষা পেতে হলে দরকার অধিক হারে বৃক্ষরোপণ। বাড়ির আশপাশে, খোলা জায়গায়, বৃক্ষশূন্য বনভূমি, রাস্তার ও খালের পাশে, নদীর তীরবর্তী স্থানে গাছ রোপণ করা তথা বনায়ন কার্যক্রমটি অধিকতর কার্যকর একটি পদক্ষেপ। ব্যাপকহারে এ কার্যক্রম গ্রহণ করা গেলে গাছপালার সবুজ বনাঞ্চল সৃষ্টি হবে। ওই বনাঞ্চলের গাছপালা বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড শুষে নিয়ে একটা ভারসাম্য অবস্থা সৃষ্টি করবে। তাতে বৈশ্বিক উষ্ণতা অনেকাংশে প্রশমিত হবে বলে আমার বিশ্বাস।
কন্ট্রোলার অব পাবলিকেশনস, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল