জেএসসি, এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য
সৃজনশীল প্রশ্ন: পাঠ্যবইয়ের বিষয়কে বুঝতে হবে ভালোভাবে
অংশ-১
সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে ভালো ফলাফল অর্জন কেবল পরীক্ষার জন্য। শিক্ষার্থীদের উপযুক্ত প্রস্তুতির ওপর নির্ভর করে না। একই সঙ্গে শিক্ষক, অভিভাবক, প্রশ্নপ্রণেতা, মডারেটর এবং উত্তরপত্র মূল্যায়নকারীদের দক্ষতা ও অভিজ্ঞতা, সচেতনতা—সর্বোপরি কর্তব্যনিষ্ঠার ওপরও নির্ভর করে। কেননা, সৃজনশীল প্রশ্ন মূলত একটি অভিনব প্রশ্নপদ্ধতি।
বিশেষ রীতিতে এ ধরনের প্রশ্ন প্রণীত হয়ে থাকে। যেমন: সৃজনশীল প্রশ্নের শুরুতে একটি উদ্দীপক থাকে। এ উদ্দীপক হতে পারে কোনো কিছুর লিখিত রূপ কিংবা গ্রাফ বা লেখচিত্র বা ছবি বা সারণি অথবা এগুলোর সমন্বিত রূপেও হতে পারে।
পাঠ্যবইয়ের কোনো একটি একক অধ্যায় কিংবা একাধিক অধ্যায়ের বিষয়বস্তু অবলম্বনে উদ্দীপক তৈরি করা হয়। উদ্দীপকে এমন কোনো ঘটনা বা বাস্তব পরিস্থিতি স্থান পায়, যা দিয়ে পাঠ্যবইয়ের পরিবেশিত তত্ত্ব, বিধি বা নিয়ম কিংবা সূত্র বা পদ্ধতির প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীর ধারণা পরীক্ষা বা যাচাই করা হয়। একই সঙ্গে বর্ণিত বা প্রদর্শিত ঘটনা বা বাস্তব পরিস্থিতিতে গৃহীত কোনো পদক্ষেপ বা পন্থা অবলম্বনের কথা বলে এর যৌক্তিকতা কিংবা যথার্থতা নিয়ে শিক্ষার্থীদের মতামত প্রদানের ক্ষেত্র সৃষ্টি করা হয়।
প্রশ্নের উদ্দীপক অংশ তৈরি করার পর উদ্দীপকের ভিত্তিতে ক, খ, গ এবং ঘ—এ চারটি উপ-অংশে বিভক্ত করে (গণিত, উচ্চতর গণিত ও হিসাববিজ্ঞানের ক্ষেত্রে ক, খ এবং গ—এ তিনটি অংশে) একটি সৃজনশীল প্রশ্ন রচিত হয়।
এরূপ চারটি উপ-অংশের ‘ক’ অংশটি শিক্ষার্থীদের জ্ঞানদক্ষতা যাচাই বা মূল্যায়নের প্রশ্ন। এ অংশে পাঠ্যবইয়ের কোনো বিশেষ শব্দের অর্থ, সংজ্ঞা, উদ্ধৃতি ইত্যাদি জানতে চাওয়া হয়। পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট অংশ শিক্ষার্থীর জানা থাকলে অর্থাত্ মনে রাখলে লেখা যায়। মূলত এখানে শিক্ষার্থীদের স্মৃতিশক্তির প্রখরতা মূল্যায়ন করা হয়।
‘খ’ অংশটির সাহায্যে পাঠ্যবইয়ের কোনো বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা আছে কি না, তা লিখে অন্যকে বোঝাতে পারে কি না, দুটো জানা বিষয় বা ধারণার মধ্যে মূল পার্থক্য বা সাদৃশ্য দেখাতে পারে কি না, ইত্যাদি জানতে চাওয়া হয়। শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট অংশে বর্ণিত বিষয়াদি বুঝতে পারলে নিজের ভাষার উত্তর লিখতে পারবে।
‘গ’ অংশটি দিয়ে পাঠ্যবই অধ্যয়ন করে অর্জিত ধারণা, তত্ত্ব, সূত্র, নিয়ম বা বিধি বাইরের জগত্ তথা শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ যেমন পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের কোনো ক্ষেত্রে খাটে বা মিল আছে, তা নির্ণয় করতে বা খুঁজে বের করতে বলা হয়। কোনো সূত্র প্রয়োগ করে কাঙ্ক্ষিত বিষয়ের পরিমাপ নির্ণয় করাও এ পর্যায়ের অন্তর্ভুক্ত থাকে। অর্থাত্ গাণিতিক হিসাব-নিকাশের দক্ষতাও এখানে মূল্যায়ন করা হয়।
‘ঘ’ অংশটির সাহায্যে পাঠ্যবইয়ে সংযোজিত কোনো নিয়ম-বিধি, তত্ত্ব, সূত্র ও পদ্ধতি বাস্তবে কতটা প্রয়োগযোগ্য, সাদৃশ্যপূর্ণ, উচিত-অনুচিত, ভালো-মন্দ ইত্যাদি বিবেচনা করে শিক্ষার্থীরা তাদের নিজস্ব মতামত দিতে পারে কি না, নিজের মতামতের সপক্ষে যুক্তি প্রদর্শন করতে পারে কি না; তা মূল্যায়ন করা হয়। অর্থাত্ বাস্তব পরিস্থিতি কিংবা পরিবর্তিত পরিস্থিতিতে পাঠ্যবইয়ের বিষয়াদির তুলনামূলক বিচার-বিশ্লেষণ করে শিক্ষার্থীরা আলাদা বা নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারে কি না, তা যাচাই করা হয়।
এযাবত্ আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে একটি সৃজনশীল প্রশ্নের উদ্দীপক গঠন মৌলিক তথা সৃষ্টিশীল কাজ এবং উদ্দীপকের ভিত্তিতে চিন্তনদক্ষতার চারটি স্তরের (জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা) কাঠিন্যের ধারাবাহিকতা রক্ষা করে বিশেষ নৈপুণ্যের সঙ্গে নির্ধারিত কাঠামোয় প্রশ্ন প্রণয়ন করা। আর তা করার জন্য দরকার সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী, অভিজ্ঞ-প্রশিক্ষিত প্রশ্নপ্রণেতা এবং মডারেটর। এরূপ প্রশ্নপ্রণেতা ও মডারেটর নিয়োগ নিশ্চিত করা গেলে মানসম্পন্ন সৃজনশীল প্রশ্ন প্রণয়নের কাজটি সুসম্পন্ন করা সম্ভব।
উপযুক্ত প্রশ্নপ্রণেতা ও মডারেটর নিয়োগের ওপর উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়নের কাজটি অনেকাংশে নির্ভর করে। সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের সময় প্রতিটি বিষয়ের প্রয়োজনীয়সংখ্যক প্রশ্ন সেটের সব কটি প্রশ্নের নমুনা উত্তর লিখন ও পরিশোধনের কাজ সম্পন্ন হয়ে থাকে।
এই নমুনা উত্তর পরীক্ষার্থীদের উত্তরপত্র বণ্টনের সময় পরীক্ষকদের সরবরাহ করা হয়। এ সরবরাহকৃত নমুনা উত্তর দেখে পরীক্ষকেরা উত্তরপত্র পরীক্ষণের কাজটি সম্পন্ন করে থাকেন।
অবশ্য সব পরীক্ষার্থীর প্রদত্ত উত্তর নমুনা উত্তরের অনুরূপ হবে, এমনটি না ভেবে ভিন্ন ভিন্ন স্বাদের উত্তর খুঁজে পেলে পরীক্ষক নিজের বিবেচনা বোধ কাজে লাগিয়ে তা পরীক্ষা করে সঠিকভাবে নম্বর দেবেন।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল