সৃজনশীল প্রশ্ন: ভালো ফলের জন্য পাঠ্যবই-ই প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরামর্শ
সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে শিক্ষার্থীদের অনেক কিছু করণীয় আছে। কী কী করতে হবে তা জেনে নাও।

১. পুরো পাঠ্যবইয়ের ওপর পড়াশোনা করা।
২. পাঠ্যবইয়ের বিষয়বস্তু হূদয়ঙ্গম করে এবং উদ্দীপকের মর্মার্থ বুঝে পাঠ্যবইয়ের আলোকেই প্রশ্নের উত্তর লিখতে হবে।
৩. পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের বিশেষ শব্দ ও ধারণাসমূহের অর্থ ও তাৎপর্য বোঝার চেষ্টা করা উচিত।
৪. পাঠ্যবইয়ে পরিবেশিত তথ্য, তত্ত্ব, ধারণা, নিয়ম বা বিধি, পদ্ধতি, সূত্র ইত্যাদি নিয়ে ভাবনা-চিন্তা করার পাশাপাশি এগুলোকে নিজেদের চারপাশের জীবনের সঙ্গে মিলিয়ে দেখা।
৫. পাঠ্যবই মুখস্থ না করে নিজেদের বোধ আর চিন্তাশক্তি দিয়ে সব প্রশ্নের উত্তর করতে হবে।
৬. পাঠ্যবইয়ের অনুশীলনী অংশে প্রদত্ত সৃজনশীল প্রশ্নের উত্তর অনুশীলন করা।
৭. পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান/ধারণার আলোকে কোনো বাস্তব পরিস্থিতি বা ঘটনা বিচার-বিশ্লেষণ করা, এমনকি সিদ্ধান্ত দেওয়ার দক্ষতা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের এসব করণীয় দিক বিবেচনা করলে পাঠ্যবইয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়। এ প্রসঙ্গে আরও বলা যায় যে—
উদ্দীপক: প্রতিটি সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক থাকে। উদ্দীপকটি পাঠ্যবইয়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আবার পাঠ্যবইয়ের বিষয়বস্তু শিক্ষার্থীরা কতটুকু বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য উদ্দীপক ব্যবহূত হয়।
উদ্দীপকের ভিত্তিতে রচিত প্রতিটি সৃজনশীল প্রশ্নের ক অংশে এমন প্রশ্ন থাকবে, যা শিক্ষার্থীরা তাদের পাঠ্যবই থেকে সরাসরি উত্তর লিখতে পারে। অর্থাৎ মুখস্থ করে এ অংশের উত্তর লেখা যায়।
প্রশ্নের খ অংশে থাকবে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের কোনো বিষয়বস্তু বুঝতে পেরেছে কি না বা লিখে অন্যকে বোঝাতে পারে কি না। প্রশ্নের গ অংশে থাকবে পাঠ্যবই থেকে যে জ্ঞান লাভ করেছে তা বাস্তবজীবনে/নতুন পরিস্থিতিতে কতটুকু প্রয়োগ করতে পারে তা যাচাই করা।
প্রশ্নের ‘ঘ’ অংশে শিক্ষার্থী তবে পাঠ্যবইয়ের অর্জিত ধারণা ব্যবহার করে কোনো পরিবর্তিত পরিস্থিতি বা নতুন কোনো ঘটনা বিচার-বিশ্লেষণ করার বা ওই পরিস্থিতি কিংবা ঘটনার পরিপ্রেক্ষিতে করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বা মতামত দানের ক্ষমতা যাচাই করা হয়।
সৃজনশীল প্রশ্নের এ রকম আঙ্গিক বা বৈশিষ্ট্য বুঝে এর যথাযথ উত্তর লিখনে শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে আমরা নমুনা হিসেবে ৮ম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের উদ্দীপকসহ সৃজনশীল প্রশ্ন প্রদর্শন করে উত্তর লেখার নির্দেশনা প্রদান করব।

কন্ট্রোলার অব পাবলিকেশন্স, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল