পরামর্শ : ২০১৩ সালের জুনিয়র স্কুলসার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি
সৃজনশীল প্রশ্নপদ্ধতি এত সহজ

অংশ-৫
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আমরা বাংলা ১ম পত্রে সৃজনশীল প্রশ্নপদ্ধতির খুঁটিনাটি ও অধ্যায়ভিত্তিক আলোচনার মাধ্যমে বিভিন্ন অধ্যায়ের বিষয়বস্তু, ভাব (theme), পাঠ্য করার প্রেক্ষাপট তথা উদ্দেশ্য ও শিখনফল, সেখান থেকে কীভাবে সৃজনশীল প্রশ্ন হতে পারে তার কিছু নমুনা এবং কিছু প্রশ্নের নমুনা উত্তরসহ আলোচনা করছি। গতকালের পর আজ দেওয়া হলো পরবর্তী অংশ।
উদ্দীপক-৩:
মাঝিপাড়া গ্রামের দরিদ্র মকবুল তিন বিয়ে করেছে। নিজের কোনো আয়-রোজগার নাই। বউদের আয়ে সংসার চলে ওর। ১৫/২০ বছর ধরে চলছে এ অবস্থা। বউরা চাটাই বোনে, ধান ভানে, অন্যের বাড়িতে ঝি গিরি করে আর কখনোবা কোদাল দিয়ে কুপিয়ে জমি চাষ করে। অথচ কারণে-অকারণে বিভিন্ন সময় তাদেরকে নানা রকম গঞ্জনা সইতে হয়। একদিন মকবুল চতুর্থ বিয়ে করতে চাইলে দুই বউ যখন বাধা দিয়েছিল তখন মকবুল একসাথে দুজনকেই তালাক দিয়ে দেয়। উপায়ান্তর না দেখে অসহায় অবস্থায় তারা দুজনই তাদের এত বছরের তিল তিল করে গড়ে তোলা সংসার ছেড়ে বাধ্য হয়ে বাবার বাড়ি চলে যায়। তার পরও মকবুলের কোনো অনুশোচনা হয় না।
ক. যুগের ধর্ম কী?
(জ্ঞানমূলক প্রশ্ন, মান-১)
খ. কবির চোখে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নেই কেন?
(অনুধাবনমূলক প্রশ্ন, মান-২)
গ. উদ্দীপকে ‘নারী’ কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে, তা ব্যাখ্যা করো।
(প্রয়োগমূলক প্রশ্ন, মান-৩)
ঘ. মকবুলের মতো লোকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ‘নারী’ কবিতায় কাজী নজরুল ইসলাম যে পরামর্শ দিয়েছেন, তা ব্যাখ্যা করো।
(উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, মান-৪)
৩ (ক) নম্বর প্রশ্নের উত্তর:
যুগের ধর্ম হলো ‘পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে’।
৩(খ) নম্বর প্রশ্নের উত্তর:
কবির চোখে পুরুষ-নারীর কোনো ভেদাভেদ নাই, কারণ সমাজ-সভ্যতার উন্নয়নে উভয়েই সমান অবদান রাখতে পারে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবি, মানবতাবাদী কবি। ‘নারী’ কবিতায় তিনি দেখিয়েছেন, সৃষ্টির ঊষালগ্ন থেকেই পুরুষ ও নারীর সমান অংশগ্রহণে আজকের এ সভ্যতা। এ পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু মন্দ—সবকিছুই পুরুষ ও নারী উভয়ের সমান অবদানের ফসল। পুরুষকে বাদ দিয়ে নারী নয় এবং নারীকে বাদ দিয়েও পুরুষ নয়। তাই কবি পুরুষ-নারীর মধ্যে কোনো ভেদাভেদ খুঁজে পাননি।
৩(গ) নম্বর প্রশ্নের উত্তর:
উদ্দীপকে ‘নারী’ কবিতায় নারীর অবদান অস্বীকার বা নারীর অবমূল্যায়নের দিকটি প্রতিফলিত হয়েছে।
‘নারী’ কবিতায় আমরা দেখতে পাই নারীর অবমূল্যায়নের এক বীভৎস চিত্র। পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীকে সে যুগে যথাযথ সম্মান দেওয়া হতো না। পুরুষের পাশাপাশি নারী সমানতালে, সমান শক্তিমত্তায় সভ্যতার উন্নয়নে অংশগ্রহণ করত। স্বাধিকার, স্বাধীনতা ছিনিয়ে আনতে কত মায়ের সিঁথির সিঁদুর মুছে গেছে, কত বোন জীবন বাজি রেখে সেবা দিয়েছে। বিপ্লব-বিদ্রোহের মাধ্যমে কত মা-বোন-বধূরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে। কিন্তু পুরুষের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণোজ্জ্বল করে লেখা থাকলেও নারীর সে অবদান ধুলোয় মিশে যেত, লেখা হতো না কোথাও। নারীরা হতো অধিকারবঞ্চিত, শোষিত, নির্যাতিত।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, সৃজনশীল প্রশ্নপদ্ধতি, বাংলা বিভাগীয় প্রধান, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়, ঢাকা