
‘সৃজনশীলতা সবার মধ্যেই কম-বেশি রয়েছে। শুধু প্রয়োজন সঠিক জায়গায় প্রদর্শন আর প্রয়োগ। তবে বেশির ভাগ ব্যক্তিই এটা করেন না।’ এমনটা বলেছিলেন তরুণ তারকা কর্মী ক্যাথরিন কার্জ। সম্প্রতি বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস বিশ্বের সেরা সৃজনশীল ব্যবসাপ্রতিষ্ঠানের তালিকা করেছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আবার সেরা ১০ উদীয়মান তারকা কর্মীর তালিক করেছে ফোর্বস।যাঁদের বলা হচ্ছে ‘রাইজিং স্টার’। এ তালিকায় জায়গা করে নিয়েছেন ক্যাথরিন। তিনি কিটরিক্স সিস্টেম ইনকরপোরেটেড নামক প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট।
নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ব্যবসা এগিয়ে নেওয়ার দারুণ দক্ষতা রয়েছে ক্যাথরিনের। তাঁর জন্ম ১৯৭৫ সালে। ২০০৯ সালে যুক্ত হন কিটরিক্স সিস্টেমের প্রোডাক্ট ডিজাইন বিভাগে। শুরু করেছিলেন ৪৫ জনের ছোট একটি দল নিয়ে, যা এখন ধীরে ধীরে বাড়ছে। এর আগে তিনি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলে প্রকৌশলী হিসেবেও কাজ করেছেন। মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ড থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি অব টরন্টো থেকে ফলিত বিজ্ঞান, যন্ত্র ও শিল্প প্রকৌশলে স্নাতকোত্তর করেন ক্যাথরিন।
কাজের পাশাপাশি আন্ডারস্ট্যান্ডিং ইওরস ইউজার এবং ক্রিয়েটিভিটি টু ট্রান্সফর্ম করপোরেট কালচার শীর্ষক দুটি প্রকাশনা প্রকাশ করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে ২০১১ সালে সিলিকন ভ্যালি বিজনেস জার্নালের সেরা অনূর্ধ্ব ৪০ বয়সীদের মধ্যে সেরা ৪০ জন তারকা কর্মীর তালিকায় যুক্ত হয়েছে তাঁর নাম। এ ছাড়া একই প্রতিষ্ঠানের চলতি বছরের সেরা উৎসাহী কর্মীদের নিয়ে করা তালিকায়ও যুক্ত হয়েছেন ক্যাথরিন। নিজের সৃজনশীলতা কাজে লাগিয়ে আরও কাজ করে যেতে চান এ তারকা কর্মী।
অধুনা প্রতিবেদক
তথ্যসূত্র: ফোর্বস, সিলিকন ভ্যালি বিজনেস জার্নাল