সৃজনশীলউত্তরের জন্য যেভাবে নম্বর বন্টন হবে: পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ অংশ
প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল পদ্ধতিতে উত্তর প্রদান ও নম্বর বণ্টন বিষয়ে গতকাল প্রকাশিত আলোচনার বাকি অংশ নিচে দেওয়া হলো।

গ অংশের উত্তরে শিক্ষার্থী যদি লিখতে পারে—
১ নম্বর চিত্রটি একটি শ্রেণীকক্ষের চিত্র। এ চিত্রে একজন শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক পাঠদান করছেন। এটা শিক্ষাব্যবস্থার প্রতি ইঙ্গিত করছে। আর এ শিক্ষা মানবসম্পদ উন্নয়নের একটি আবশ্যিক উপাদান।
শিক্ষা প্রতিটি মানুষের জন্মগত অধিকার। এ শিক্ষালাভের মাধ্যমে একটি মানবশিশু তার সুপ্ত প্রতিভা জাগিয়ে তোলে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে সে কোনো বিশেষ কর্মনৈপুণ্য বা দক্ষতা অর্জন করে।
ওই মানবশিশু শিক্ষাজীবন শেষে কর্মজগতে প্রবেশ করে। নিজের শিক্ষা ও অভিজ্ঞতা দিয়ে নতুন নতুন সৃষ্টি কিংবা উৎপাদনে অবদান রাখে। তাতে দেশ ও সমাজ উপকৃত হয়।
পক্ষান্তরে যে শিক্ষা থেকে বঞ্চিত হলো, সে সমাজে বোঝাস্বরূপ হয়ে পড়ে। অপরের গলগ্রহ হয়ে যে অভিশপ্ত জীবন যাপন করে। অতএব বলা যায়, শিক্ষা হচ্ছে মানবসম্পদ উন্নয়নের প্রধান অবলম্বন। এটাকে জীবনের সাফল্য লাভের প্রথম সোপানও বলা যায়।
এ রকম উত্তরের জন্য শিক্ষার্থী পরিপূর্ণ নম্বর ৩ পাবে। এ পূর্ণ নম্বর প্রদানের ক্ষেত্রে তিনটি উপাদান বিবেচনা করতে হবে। যেমন ১ নম্বর চিত্রটি দ্বারা মানবসম্পদ উন্নয়নের কোনো উপাদানটিকে বোঝানো হয়েছে। এটা যে শিক্ষা তা চিহ্নিত করতে পারলে ১ নম্বর পাবে। এবার শিক্ষা কীভাবে মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখে সে সম্পর্কে পাঠ্যবইয়ের তথ্য-উপাত্ত উল্লেখ করে নিজের ভাষায় ব্যাখ্যা করতে হবে। এ ক্ষেত্রে পাঠ্যবইয়ের সঠিক তথ্য-উপাত্তের জন্য ১ নম্বর আর নিজের ভাষায় তা বুঝিয়ে লেখার জন্য আরও ১ নম্বর পাবে।

ঘ প্রশ্নের উত্তরে শিক্ষার্থী যদি লিখতে পারে—
২ নম্বর চিত্রের একটি তৈরি পোশাকশিল্পে নারীশ্রমিকদের কাজ করতে দেখা যাচ্ছে। এটা হচ্ছে শ্রম ও কর্মসংস্থানের একটি উৎস। এখন প্রশ্ন হচ্ছে, এটা কীভাবে মানবসম্পদ উন্নয়নে অবদান রাখছে।
আমাদের দেশের অনেক দক্ষ, আধা দক্ষ এবং অদক্ষ নারী-পুরুষ তৈরি পোশাকশিল্পে নিয়োজিত আছে। এ শিল্পে নিয়োজিত শ্রমিকেরা যে পোশাক তৈরি করে থাকে, তা দেশে ও বিদেশের বাজারে বিক্রি হচ্ছে। সেই সুবাধে আমরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি।
অধিক বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে দেশে আরও অধিকসংখ্যক তৈরি পোশাক কারখানা গড়ে উঠছে। তাতে অধিকসংখ্যক লোকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তৈরি পোশাক কারখানার সংখ্যা বৃদ্ধির ফলে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের চাহিদা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে দক্ষ শ্রমিকের চাহিদা সৃষ্টি হচ্ছে। শ্রমিকেরা নিজের দক্ষতা বৃদ্ধির জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জনের প্রয়াস গ্রহণ করছে। অর্থাৎ শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষার পাশাপাশি নানা প্রশিক্ষণ কার্যক্রম গৃহীত হচ্ছে। শ্রমিকেরা এসব শিক্ষা গ্রহণ করে নিজেদের আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলছে। সুতরাং এটা প্রতীয়মান হচ্ছে যে ২ নম্বর চিত্রের উপাদানটি মানবসম্পদ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে।
এ রকম উত্তর লিখতে পারলে পূর্ণ নম্বর অর্থাৎ ৪ পাবে। এ ৪ নম্বর প্রদানের ক্ষেত্রে পরীক্ষক চারটি উপাদান খুঁজে বের করবেন। প্রথম যে উপাদানটি খুঁজতে হবে তা হচ্ছে ২ নম্বর চিত্রে মানবসম্পদ উন্নয়নের কোন বিশেষ উপাদানটির প্রতি ইঙ্গিত করা হচ্ছে?
উত্তরে বলা যায়, শ্রম ও কর্মসংস্থান নামক উপাদানটির প্রতি ইঙ্গিত করা হচ্ছে। শুধু এ পয়েন্টে চিহ্নিত করতে পারলে ৪ নম্বরে ১ নম্বর পাবে। এরপর শ্রম ও কর্মসংস্থানের উপাদান কোন কোন দিকের সঙ্গে সম্পর্কযুক্ত তা খুঁজতে হবে। আর সেটা খুঁজতে গিয়ে সমগ্রকে (WHOLE) ভাঙতে হবে। অর্থাৎ একজন শ্রমিক তার সক্ষমতা বৃদ্ধির জন্য কী করবে। উত্তরে বলা যায়—শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, পেশাভিত্তিক প্রশিক্ষণ। এসব তথ্য দিতে পারলে ১ নম্বর পাবে। এ তথ্যগুলোকে সংঘবদ্ধ করে ধারাবাহিক আলোচনা করার জন্য ১ নম্বর পাবে।
সর্বশেষ বিভিন্ন উপাদানের আন্তসম্পর্ক প্রতিষ্ঠার জন্য আরও ১ পাবে। সুতরাং পরীক্ষককে সৃজনশীল প্রশ্নের উত্তর কত বড় হলো তা না খুঁজে বিভিন্ন উপাদান খুঁজতে হবে। আর এ রকম উপাদান বিবেচনা করে নম্বর দিতে হবে। তাতে সঠিক মূল্যায়ন সম্ভব হবে। পরীক্ষা ও ফলাফল যথার্থ এবং নির্ভরযোগ্য হবে।

কন্ট্রোলার অব পাবলিকেশন্স
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা