পরামর্শ
মো. আবদুছ ছালাম খান চৌধুরী
প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। প্রতিটি বিষয়ে প্রস্তুতির পাশাপাশি পরীক্ষার হলের পারিপার্শ্বিকতাও গুরুত্বপূর্ণ।
১. প্রতিটি বিষয়ের পরীক্ষায় উত্তর লেখা শুরু করার আগে সঠিক প্রশ্ন নির্বাচন করা গুরুত্বপূর্ণ। যেমন, যেসব প্রশ্নের উত্তরে গাণিতিক ব্যাখ্যা, সমীকরণ, চার্ট, ছবি, পয়েন্ট ইত্যাদি প্রকাশ করার সুযোগ থাকে, সেসব প্রশ্নের উত্তরে পূর্ণ নম্বর পাওয়া যায়। এগুলোকে টেকনিক্যাল প্রশ্ন বলে। প্রশ্ন নির্ধারণের ক্ষেত্রে বর্ণনামূলক প্রশ্নের চেয়ে টেকনিক্যাল প্রশ্ন নির্বাচন করা ভালো। উত্তর লেখা শুরু করার আগে প্রশ্নটি অবশ্যই ভালোভাবে পড়বে এবং কোন কোন প্রশ্নের উত্তর দেবে, তা স্থির করবে।
২. পরীক্ষার হলে টেনশনের কারণে অনেক সময় জানা প্রশ্নের উত্তর ভুল হয়ে যায়। বিশেষ করে গাণিতিক, জ্যামিতিক বা টেকনিক্যাল প্রশ্নগুলোর বিষয়ে বেশি সতর্ক থাকবে, যাতে করে সংখ্যা, একক কিংবা চিত্রের পয়েন্টগুলো ভুল না হয়। টেকনিক্যাল টার্মগুলো লিখতে যেন বানান ভুল না হয়, সেদিকে সতর্ক থাকবে।
৩. ভালো ফল মানে উচ্চতর জিপিএ প্রাপ্তি। এইচএসসি পরীক্ষার সর্বোচ্চ জিপিএ-৫। সবাইকে যে জিপিএ-৫ পেতেই হবে—এমন কোনো কথা নেই বা সেটা সম্ভবও নয়। উচ্চতর জিপিএ পাওয়ার লক্ষ্য তোমার থাকবেই এবং তা অর্জনের পূর্বশর্ত—সব বিষয়ে আলাদাভাবে ভালো নম্বর পাওয়া নিশ্চিত করা। এ জন্য চতুর্থ বিষয়টিতেও সমান গুরুত্ব দিতে হবে।
৪. যে সব বিষয়েসৃজনশীল সে সব বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সৃজনশীল অংশের প্রশ্নের উত্তর লেখায় অবশ্যই তোমার সৃজনশীলতার ছাপ থাকতে হবে। বহুনির্বাচনি অংশে ভালো করতে পুরো বই মনোযোগ সহকারে রিভিশন দেবে। বহুনির্বাচনির সঠিক উত্তরটি সতর্কতার সঙ্গে নির্বাচন করবে।
৫. পরীক্ষা চলাকালে পাশের জনের সঙ্গে কথা বলবে না। এমনকি পাশের বা পেছনের কেউ কোনো কথা বললে, প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলে তার কথার উত্তর দেবে না। পরীক্ষার হলে ঘাড় ঘুড়িয়ে আশপাশে তাকানোর জন্যও তুমি কক্ষপরিদর্শকের দৃষ্টিতে পড়তে পারো। সুতরাং, এ বিষয়গুলোর প্রতি খুবই যত্নবান থাকবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ঢাকা ইমপিরিয়াল কলেজ, ঢাকা