সুপ্রিয় জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছ। আর প্রায় এক মাস পরই তোমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা। অর্থাৎ জেএসসি পরীক্ষা-২০১৩। হাতে মাত্র কয়েকটি দিন। ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিশ্চয়ই শেষ করেছ। আর এখন চলছে শেষ মুহূর্তের ঝালাই করে নেওয়ার কাজটা। তাই আমরা বাংলা প্রথম পত্রে সৃজনশীল প্রশ্নপদ্ধতির খুঁটিনাটি ও অধ্যায়ভিত্তিক আলোচনার মাধ্যমে বিভিন্ন অধ্যায়ের বিষয়বস্তু, ভাব (theme), পাঠ্য করার প্রেক্ষাপট তথা উদ্দেশ্য ও শিখনফল, সেখান থেকে কীভাবে সৃজনশীল প্রশ্ন হতে পারে তার কিছু নমুনা এবং কিছু প্রশ্নের নমুনা উত্তরসহ আলোচনা করব। বিশ্বাস করি, ধারাবাহিক আলোচনাগুলো অনুধাবন করতে পারলে আসন্ন জেএসসি পরীক্ষায় ভালো করতে পারবে।
বন্ধুরা, আগের ‘কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতি’ই এখন ‘সৃজনশীল পদ্ধতি’। এ পদ্ধতিতে শিক্ষক সর্বপ্রথম কোনো একটি অধ্যায়ের পাঠের আলোকে একটি মৌলিক উদ্দীপক (Stem) তৈরি করেন। উদ্দীপক তৈরির পর চার স্তরের চারটি প্রশ্নও শিক্ষক করেন। তবে উদ্দীপকে কোনো প্রশ্নের উত্তর থাকে না বরং উদ্দীপকটি শিক্ষার্থীকে উত্তরদানে সাহায্য করে। অর্থাৎ উদ্দীপকটি শুধু শিক্ষার্থীর উদ্দীপনা জাগাবে, শিক্ষার্থীকে ভাবতে শেখাবে।
# শিক্ষক কীভাবে সৃজনশীল প্রশ্ন তৈরি করেন?
বন্ধুরা, চলো আমরা একটা গোপন ক্যামেরা নিয়ে একজন শিক্ষকের সৃজনশীল প্রশ্ন করার দৃশ্যগুলো ধারণ করতে থাকি। শ্রদ্ধেয় শিক্ষক কীভাবে উদ্দীপক তৈরি করছেন, কীভাবে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ আর উচ্চতর দক্ষতার প্রশ্ন করছেন ইত্যাদি সব দৃশ্যই আমরা গোপন ক্যামেরায় ধারণ করব। আর একবার যদি প্রশ্ন করার দৃশ্যগুলো বুঝতে পারি, তাহলে আমাদের উত্তর করা একদম সহজ হয়ে যাবে। কারণ আমরা জানি, কোনো জিনিস যে তৈরি করতে পারে, সেটা সে ভাঙতেও পারে সহজে। তাই সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন করার নিয়ম-কানুন জানলে, সেটার যথার্থ উত্তর দেওয়াও আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর দেরি নয়, চলো আমরা এবার বাংলা বিষয়ের শ্রদ্ধেয় ‘ক’ স্যারকে অনুসরণ করি। দেখি, স্যার কী কী করছেন।
দৃশ্য-১:
আমরা দেখতে পাচ্ছি, আমাদের শ্রদ্ধেয় ‘ক’ স্যার অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের সৃজনশীল প্রশ্ন করার জন্য ‘সাহিত্য কণিকা’ বইটি নিয়ে পড়ার টেবিলে বসলেন। পাশে ডায়েরি-কলম-পেনসিল আর গরম এক কাপ চা। প্রথমে তিনি পাঠ্যবইয়ের পৃষ্ঠা উল্টিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘নারী’ কবিতাটি বের করলেন। ভালোমতো কয়েকবার কবিতাটা মনোযোগ দিয়ে পড়লেন। চায়ের কাপে চুমুক দিলেন কয়েকবার। এরপর তিনি কাজী নজরুল ইসলামের অনুভূতি বোঝার চেষ্টা করলেন, অর্থাৎ কবিতার ভাববস্তু খোঁজার চেষ্টা করলেন। তিনি দেখলেন যে কবির চোখে পুরুষ-নারী কোনো ভেদাভেদ নেই। কারণ নারী ও পুরুষের সমান অবদানের ফসল আজকের এই আধুনিক সভ্যতা। এ বিশ্বে ভালো বা মন্দ যা কিছুই ঘটেছে, তা নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসেরই ফসল। কিন্তু সুদীর্ঘকাল ধরে নারীরা অধিকারবঞ্চিত হয়ে আসছে অর্থাৎ সমাজ, সংসার বা সভ্যতার ইতিহাসে নারীর অবদান যথাযথভাবে স্বীকৃত হয়নি। পুরুষের অবদান স্বর্ণাক্ষরে লেখা আছে, কিন্তু নারী হয়েছে অবহেলিত, অবমূল্যায়িত। কবির মতে, বর্তমানে সাম্যের যুগ বা মানবতার যুগ বিরাজ করছে। তাই এখন আর নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না। যদি এখনো কোনো পুরুষ নারীকে সম-অধিকার না দেয় বা নারীর অবদান অস্বীকার করে, নারীকে শোষিত-বঞ্চিত করে, তাহলে পরবর্তী সময়ে সেই সব পুরুষ নিজেদের গড়া কারাগারে নিজেরাই বন্দী হয়ে মরবে। কবিতার বক্তব্য বোঝার পর স্যার তাঁর টেবিলের পাশে রাখা এনসিটিবি রচিত বাংলা বিষয়ের শিক্ষক ম্যানুয়েল বের করলেন। সেখান থেকে ‘নারী’ কবিতাটি পাঠ্য করার উদ্দেশ্য ও শিখনফল দেখে নিলেন। স্যার দেখলেন, কবিতাটি পাঠ্য করার উদ্দেশ্য হলো, শিক্ষার্থীরা যাতে নারীর প্রতি শ্রদ্ধাশীল হয় এবং সভ্যতার উন্নয়নে নারীর অবদান যে পুরুষের চেয়ে কম নয়, তা জেনে নারীর প্রতি সহানুভূতিশীল হয়।
মাস্টার ট্রেইনার, সৃজনশীল প্রশ্নপদ্ধতি, বাংলা বিভাগীয় প্রধান, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল