জেএসসির প্রস্তুতি: সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম অংশ-৩
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আমরা বাংলা ১ম পত্রে সৃজনশীল প্রশ্নপদ্ধতির খুঁটিনাটি ও অধ্যায়ভিত্তিক আলোচনার মাধ্যমে বিভিন্ন অধ্যায়ের বিষয়বস্তু, ভাব (theme), পাঠ্য করার প্রেক্ষাপট তথা উদ্দেশ্য ও শিখনফল, সেখান থেকে কীভাবে সৃজনশীল প্রশ্ন হতে পারে তার কিছু নমুনা এবং কিছু প্রশ্নের নমুনা উত্তরসহ আলোচনা করছি। গতকালের পর আজ দেওয়া হলো পরবর্তী অংশ।
উদ্দীপক-১:
বেগম রোকেয়া তাঁর ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধে বলেছেন, ‘নারীর উপযুক্ত স্কুল-কলেজ একেবারেই নাই। পুরুষ যত ইচ্ছা অধ্যয়ন করিতে পারে, কিন্তু নারীর জন্য জ্ঞানরূপ সুধা ভান্ডারের দ্বার উন্মুক্ত হইবে কী? তা ছাড়া স্ত্রীশিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকের কেমন একটা কুসংস্কার আছে যে, তাহারা স্ত্রীশিক্ষা শব্দ শুনিলেই শিক্ষার কুফলের একটা ভাবী বিভীষিকা দেখিয়া শিহরিয়া ওঠেন। অশিক্ষিত স্ত্রীলোকের শত দোষ সমাজ অম্লানবদনে ক্ষমা করে। কিন্তু সামান্য শিক্ষাপ্রাপ্ত নারী দোষ না করিলেও সমাজ কোনো কল্পিত দোষ শতগুণ বাড়াইয়া ঐ শিক্ষার ঘাড়ে চাপাইয়া দেয়।’
উদ্দীপক তৈরির পর শিক্ষক চার স্তরের চারটি প্রশ্ন করলেন। প্রশ্নগুলো হলো:
ক. কাজী নজরুল ইসলামকে কত সালে এ দেশের নাগরিকত্ব দেওয়া হয়? (জ্ঞানমূলক প্রশ্ন, মান-১)
খ. ‘কত নারী দিল সিঁথির সিঁদুর’ বলতে কবি কী বুঝিয়েছেন? (অনুধাবনমূলক প্রশ্ন, মান-২)
গ. বেগম রোকেয়ার বক্তব্যে ‘নারী’ কবিতার যে ভাবটির প্রতিফলন ঘটেছে, তা ব্যাখ্যা করো। (প্রয়োগমূলক প্রশ্ন, মান-৩)
ঘ. কাজী নজরুল ইসলাম বেগম রোকেয়ার বক্তব্যকে ধারণ করে নারী কবিতায় তার প্রতিবিধান করেছেন—মন্তুব্যটি মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, মান-৪)
অভিব্যক্তিতে দেখা যাচ্ছে যেন আনন্দের ঢেউ তাঁর চোখ-মুখে। চমৎকার একটি উদ্দীপক ও প্রশ্ন তৈরি করতে পেরে শিক্ষকের মন খুশিতে ভরে গেছে। একটি সার্থক উদ্দীপক তৈরি করতে পেরে শিক্ষকের মনে আরও নতুন নতুন উদ্দীপক তৈরির উদ্দীপনা জেগেছে। আমরা দেখতে পাচ্ছি, তিনি এবার ‘নারী এবং পুরুষের সমান অবদানের ফসল আজকের এই আধুনিক সভ্যতা’ এই দিকটি নির্বাচন করলেন। অর্থাৎ সভ্যতার উন্নয়নে নারীর অবদানের দিকটি দিয়ে তিনি এখন একটি উদ্দীপক তৈরি করবেন। ঘটনা বা কাহিনি মনে করছেন তিনি। হঠাৎ তাঁর মনে হলো সেবার ক্ষেত্রে এক অনন্য নাম ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা। আর সেই কাহিনি দিয়েই তিনি তাৎক্ষণিকভাবে একটি উদ্দীপক তৈরি করে ফেললেন।
উদ্দীপক-২:
সারা বিশ্বে মহীয়সী এক নারী হিসেবে খ্যাতি অর্জন করেছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। সেবাকে তিনি ব্রত হিসেবে গ্রহণ করেছেন। অনেক উচ্চবংশীয় মেয়ে হওয়া সত্ত্বেও যুদ্ধবিধ্বস্ত মানুষের সেবা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। নিজের সমস্ত অর্থ, বিত্ত, বংশগৌরব ইত্যাদি তুচ্ছজ্ঞান করে তিনি অসুস্থ অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। ধর্ম-বর্ণ-গোত্র ভুলে গিয়ে তিনি আর্ত-পীড়িতের সেবা করেছেন। তাইতো আজও সরা বিশ্বে সেবার প্রতীক হিসেবে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম সর্বাগ্রে স্মরণীয়।
উদ্দীপক তৈরি শেষে যথারীতি শিক্ষক চার স্তরের চারটি প্রশ্ন করলেন। প্রশ্নগুলো হলো:
ক. ‘ডঙ্কা’ শব্দের অর্থ কী?
(জ্ঞানমূলক প্রশ্ন, মান-১)
খ. ‘পীড়ন করিলে সে -পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই’ বলতে কী বোঝানো হয়েছে?
(অনুধাবনমূলক প্রশ্ন, মান-২)
গ. উদ্দীপকটিতে ‘নারী’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে, তার বর্ণনা দাও।
(প্রয়োগমূলক প্রশ্ন, মান-৩)
ঘ. উদ্দীপকটি কাজী নজরুল ইসলামের সমগ্র অনুভূতিকেই ধারণ করে আছে—উক্তিটির যথার্থতা যাচাই করো।
(উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, মান-৪)
কী অবাক কাণ্ড! শিক্ষককে দেখি আজ উদ্দীপক তৈরির নেশায় পেয়ে বসেছে। তিনি একটার পর একটা উদ্দীপক তৈরি করে চলেছেন। চায়ের কাপে চুমুক দিয়ে তিনি যেন ক্লান্তি দূর করে নিলেন। এবার তিনি theme নির্বাচন করলেন—‘নারীর অবদান যথাযথভাবে স্বীকৃত হয়নি বা নারীর অবমূল্যায়ন হয়েছে’—এই দিকটি। তাঁর মনে পড়ল হাজার বছর ধরে উপন্যাসের আমেনা, ফাতেমা, টুনি, আয়েশা, জামিলা—এদের কথা। এরা হাড়ভাঙা খাটুনি দিয়েও স্বামীর সংসারে কোনো মূল্য পায়নি। ওদের জীবনকাহিনি দিয়েই তিনি একটি উদ্দীপক বানালেন। এবার আমরা উদ্দীপকটি দেখি।
মাস্টার ট্রেইনার, সৃজনশীল প্রশ্নপদ্ধতি, বাংলা বিভাগীয় প্রধান, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল