সৃজনশীলপ্রশ্নপদ্ধতি এত সহজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 অংশ-৫
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আমরা বাংলা ১ম পত্রে সৃজনশীল প্রশ্নপদ্ধতির খুঁটিনাটি ও অধ্যায়ভিত্তিক আলোচনার মাধ্যমে বিভিন্ন অধ্যায়ের বিষয়বস্তু, ভাব (theme), পাঠ্য করার প্রেক্ষাপট তথা উদ্দেশ্য ও শিখনফল, সেখান থেকে কীভাবে সৃজনশীল প্রশ্ন হতে পারে তার কিছু নমুনা এবং কিছু প্রশ্নের নমুনা উত্তরসহ আলোচনা করছি। গতকালের পর আজ দেওয়া হলো আলোচনার পরবর্তী অংশ।

উদ্দীপক-৩:
চিন্তন দক্ষতার তৃতীয় স্তর হলো প্রয়োগ স্তর। এ-জাতীয় প্রশ্নে শিক্ষার্থী তার পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান ও অনুধাবন নতুন পরিস্থিতি বা উদ্দীপকে প্রয়োগ করবে। অর্থাৎ শিক্ষার্থী তার শিক্ষাক্রমের আওতায় পাঠ্যবইয়ের বিষয়বস্তু ভালোভাবে পড়েছে ও বুঝেছে। এখন সে তার অর্জিত জ্ঞান ও অনুধাবন সম্পূর্ণ নূতন ক্ষেত্রে (উদ্দীপকে) প্রয়োগ করবে। বিষয়টি একজন ডাক্তারের রোগী দেখার মতো। যেমন ধরি, কোনো ব্যক্তি দীর্ঘ পাঁচ বছর ধরে ডাক্তারি পড়ল। এই দীর্ঘ সময়ে সে পাঠ্যবিষয় থেকে যা যা শিখল, তা-ই তার জ্ঞান ও অনুধাবন। এরপর যখন সে একটা চেম্বার খুলে প্র্যাকটিস করা শুরু করল, তখন সেটা তার প্রয়োগ। তার ডাক্তারি বিদ্যার অর্জিত সমস্ত জ্ঞান ও অনুধাবন সে নতুন পরিস্থিতি তথা রোগীর ওপর প্রয়োগ করছে। রোগীর রোগের লক্ষণ দেখে-শুনে সে প্রেসক্রিপশন করছে। যদি ডাক্তার সাহেবের অর্জিত বিদ্যায় গলদ থাকে, তাহলে তার প্রেসক্রিপশনে রোগী মারা যেতে পারে। আর যদি তার জ্ঞান-অনুধাবন সঠিক হয়, তাহলে রোগী দ্রুত সেরে উঠবে।
শিক্ষার্থী এ-জাতীয় প্রশ্নের উত্তর করার সময় জ্ঞান, অনুধাবন বা প্রয়োগ—এর যেকোনো একটির উত্তর আগে দিয়ে লেখা শুরু করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। মূল তথ্যগুলো উত্তরের যেকোনো অংশে থাকলেই শিক্ষার্থী নম্বর পাবে। যেমন ৩ নম্বর প্রশ্নের প্রয়োগমূলক প্রশ্ন হলো ‘উদ্দীপকে ‘নারী’ কবিতায় যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো।’ উদ্দীপক তৈরির সময়ই আমরা দেখেছিলাম ‘নারী’ কবিতার ‘নারীর অবদান যথাযথভাবে স্বীকৃত হয়নি বা নারীর অবমূল্যায়ন হয়েছে’ এই দিকটিকে অবলম্বন করে শিক্ষক উদ্দীপক তৈরি করেছিলেন। সুতরাং আলোচ্য উদ্দীপকে ‘নারী’ কবিতার এই দিকটি অর্থাৎ নারীর অবমূল্যায়নের দিকটি ফুটে উঠেছে। এখন শিক্ষার্থী অনুধাবন স্তরে দেখাবে ‘নারী’ কবিতায় কাজী নজরুল ইসলাম কীভাবে নারীর অবমূল্যায়নের চিত্র তুলে ধরেছেন সেগুলো। আর প্রয়োগ স্তরে দেখাবে উদ্দীপকে কীভাবে নারীর অবমূল্যায়ন হয়েছে সেগুলো। উদ্দীপক ও পাঠ্যবই মিলিয়ে এই আলোচনার নামই প্রয়োগদক্ষতা।
শিক্ষার্থী উদ্দীপকের বক্তব্যকে পাঠ্যবইয়ের বক্তব্যের সঙ্গে মেলাতে পারবে আবার পাঠ্যবইয়ের বক্তব্যকেও উদ্দীপকের বক্তব্যের সঙ্গে মেলাতে পারবে। অর্থাৎ, ভাইস ভার্সা। সর্বশেষ শিক্ষক ভাবছেন ‘উচ্চতর দক্ষতা বা উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্ন’ নিয়ে।
এটি চিন্তন দক্ষতার চতুর্থ ও শেষ স্তর। এ অংশে শিক্ষার্থীর চিন্তন দক্ষতার উচ্চতর সামর্থ্য যাচাই করা হয়। অর্থাৎ শিক্ষার্থী তার পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান ও অনুধাবন নতুন কোন ক্ষেত্রে প্রয়োগ করে তা আবার সংশ্লেষণ, বিশ্লেষণ, মূল্যায়ন করে নতুন কোনো সিদ্ধান্ত নেবে। শিক্ষার্থীর এই অ্যানালিটিক্যাল পাওয়ারকেই উচ্চতর দক্ষতা বলে। যেমন ৩ নম্বর প্রশ্নের উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটি হলো ‘মকবুলের মতো লোকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ‘নারী’ কবিতায় কাজী নজরুল ইসলাম যে পরামর্শ দিয়েছেন, তা ব্যাখ্যা করো।’ এই প্রশ্নের উত্তরে শিক্ষার্থীরা দেখাবে যে মকবুলের মতো লোক, অর্থাৎ যারা নারীর অধিকার দেয় না, নারীকে শোষিত-বঞ্চিত ও অমূল্যায়িত করে, তাদের সম্পর্কে কাজী নজরুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন—দিন বদলে গেছে।
এখন সাম্যের যুগ, মানবতার যুগ। এখন আর নারীকে অধিকারবঞ্চিত করা যাবে না। নারীর অবদান অস্বীকার করে তাদের দাসী বানিয়ে রাখা যাবে না। আর যদি কেউ এখনো তা করতে চায়, তাহলে পরবর্তী যুগে সেই সব পুরুষ উৎপীড়নের শিকার হবে। মকবুলের মতো লোকদের কবি এই পরামর্শই দিয়েছেন।
বন্ধুরা চলো এবার আমরা পুরো উত্তরটা একসঙ্গে দেখি। শিক্ষক কী লিখলেন।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 মাস্টার ট্রেইনার, সৃজনশীল প্রশ্নপদ্ধতি, বাংলা বিভাগীয় প্রধান, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়, ঢাকা