অংশ-৬ (শেষ)
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আমরা বাংলা ১ম পত্রে সৃজনশীল প্রশ্নপদ্ধতির খুঁটিনাটি ও অধ্যায়ভিত্তিক আলোচনার মাধ্যমে বিভিন্ন অধ্যায়ের বিষয়বস্তু, ভাব (theme), পাঠ্য করার প্রেক্ষাপট তথা উদ্দেশ্য ও শিখনফল, সেখান থেকে কীভাবে সৃজনশীল প্রশ্ন হতে পারে তার কিছু নমুনা এবং কিছু প্রশ্নের নমুনা উত্তরসহ আলোচনা করছি। গতকালের পর আজ দেওয়া হলো পরবর্তী অংশ।
আলোচ্য উদ্দীপকেও আমরা নারীর অবমূল্যায়নের দিকটি লক্ষ্য করি। মাঝিবাড়ির দরিদ্র কৃষক মকবুল বউদের আয়ে চললেও কখনো সে বউদের মর্যাদা ও কাজের স্বীকৃতি দেয়নি। ধান ভানা, চাটাই বোনা থেকে শুরু করে বিচিত্র কাজের মাধ্যমে তিন বউ সংসারের চাকা সচল রেখেছিল। কিন্তু মকবুল তার স্বার্থে চতুর্থ বিয়ে করতে চাইলে বউরা ন্যায়সংগত প্রতিবাদ জানায়। অথচ মকবুল পৌরুষত্ব দেখিয়ে একসঙ্গে দুজনকেই তালাক দিয়ে নিঃস্ব-অসহায় অবস্থায় যার যার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। একবারও সে ভাবে না—এত বছর ধরে বউরা এই সংসারে কত শ্রম দিয়েছে, কত ঘাম ঝরিয়েছে। মুহূর্তের মধ্যেই বউদের সমস্ত অবদান মকবুল ভুলে যায়। যুগ যুগ ধরে নারীর এই অবমূল্যায়নের দিকটিই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
৩ (ঘ) নশ্বর প্রশ্নের উত্তর
মকবুলের মতো লোকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাজী নজরুল ইসলাম ‘নারী’ কবিতায় কার্যকর কিছু পরামর্শ বা দিকনির্দেশনা দিয়েছেন। অর্থাৎ পুরুষতান্ত্রিক মানসিকতাসম্পন্ন লোকগুলোকে কবি জানাতে চান যে সময় বদলে গেছে, এখন সাম্যের যুগ, মানবতার যুগ। এখন আর নারীকে অবদমন করে রাখা যাবে না। আর যদি কেউ নারীকে অবদমন করে রাখতে চায়, তাহলে পরের যুগে তাকে অবশ্যই লাঞ্ছিত ও অধিকারবঞ্চিত হতে হবে।
আলোচ্য ‘নারী’ কবিতায় কাজী নজরুল ইসলাম দেখিয়েছেন—এমন এক সময় ছিল, যখন নারীরা ঠিকই পুরুষের পাশাপাশি সভ্যতার উন্নয়নে অংশ নিত এবং পুরুষের মতোই সাহসিকতাপূর্ণ অবদান রাখত। কিন্তু পুরুষেরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নারীর সেই অবদান অস্বীকার করত। পুরুষের অবদান ইতিহাসের পাতায় পাতায় লিখে রাখলেও নারীর অবদান লিখে রাখার ব্যাপারে তাদের ছিল যত কার্পণ্য। মাতা-ভগ্নি-বধূদের ত্যাগ, সেবা, আত্মদান ইত্যাদি কিছুই মূল্যায়ন করা হতো না। কবির ভাষায়:
‘‘কত মাতা দিল হূদয় উপাড়ি কত বোন দিল সেবা,
বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কে বা?”
আলোচ্য উদ্দীপকেও আমরা নারীর সেই অবমূল্যায়নের চিত্র দেখেছি। মকবুলের সংসারে তিন স্ত্রী চাটাই বোনে, ধান ভানে, অন্যের বাড়িতে ঝিগিরি করে। আর কখনো বা কোদাল দিয়ে কুপিয়ে জমি চাষ করে। অথচ কারণে-অকারণে বিভিন্ন সময় তাদের নানা রকম গঞ্জনা সইতে হয়। সর্বশেষ মকবুলের চতুর্থ বিয়ের ব্যাপারে প্রতিবাদ জানালে তাদের এই হাড়ভাঙা খাটুনির প্রতিদান পেয়েছে নিঃস্ব-অসহায় অবস্থায় তালাকপ্রাপ্ত হয়ে বাবার বাড়ি ফিরে যাওয়ার মাধ্যমে। মকবুল একবারের জন্যও এত বছর ধরে তার সংসারে বউদের অবদানের কথা স্বীকার করেনি। মকবুল বউদের মূল্যায়ন করা তো দূরের কথা, বউদের নিজ হাতে গড়া সংসারের কুটোটি পর্যন্ত কোনো বউকে দেয়নি।
কবি আলোচ্য কবিতায় সেই সব পুরুষতান্ত্রিক মানসিকতাসম্পন্ন মানুষের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন:
‘বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি
কেহ রহিবে না বন্দী কাহারও, উঠিছে ডঙ্কা বাজি।’
অর্থাৎ এখন আর নারীকে অবদমন করে রাখা যাবে না। নারীর যথাযথ মূল্যায়ন করতে হবে, নারীর অবদানকে যথার্থভাবে স্বীকার করতে হবে। পুরুষতান্ত্রিক মানসিকতা দূর করতে হবে। অন্যথায় পরবর্তী যুগে নারীর দ্বারা শোষিত, বঞ্চিত ও লাঞ্ছিত হতে হবে। উদ্দীপকের মকবুলের মতো লোকদেরকে ‘নারী’ কবিতা থেকে কাজী নজরুল ইসলামের এ পরামর্শ গ্রহণ করতে হবে। অন্যথায় সভ্যতার উন্নয়ন বিঘ্নিত হবে এবং পুরুষেরা একসময় তাদের নিজেদের তৈরি করা কারাগারে নিজেরাই ভুগে মরবে।
মাস্টার ট্রেইনার, সৃজনশীল প্রশ্নপদ্ধতি, বাংলা বিভাগীয় প্রধান, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়, ঢাকা