
১৭ ফেব্রুয়ারি দুপুরের পর বেলালের খোঁজে মোটরসাইকেলে চেপে রওনা দিই আমরা। গন্তব্য নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ হাতিয়ার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে একটি দ্বীপ। হাতিয়া সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার পথ পেরিয়ে বেলা তিনটায় মোক্তারিয়ার ঘাটে পৌঁছি। রাস্তাঘাট এমনিতেই বেহাল, তার ওপর বৃষ্টি। মোক্তারিয়া ঘাট থেকে আমাদের আবারও উঠতে হবে ইঞ্জিনচালিত নৌকায়। এক ঘণ্টা পর ইঞ্জিনচালিত নৌকায় ওঠার সুযোগ মিলল।
সন্ধ্যার আগেই মোক্তারিয়ার খাল পার হলাম। নিঝুম দ্বীপে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা। ততক্ষণে মোবাইল ফোন নেটওয়ার্ক ‘নেই’ হয়ে গেছে। সেদিন আর বেলালের খোঁজ পাওয়ার সুযোগ নেই। নিঝুম দ্বীপ বাজার, ওপরের বাজার, বন্দরটিলা বাজার, সিডিএসপি বাজার—পুরো এলাকা চষে বেড়ালাম বেলালের খোঁজে। হাতের কাছে সূত্র বলতে একটাই—বেলাল বাক্প্রতিবন্ধী। বেলালের ছবি আছে বটে কিন্তু বছর দেড়েক আগে তোলা ছবি দেখে কাউকে নিশ্চিতভাবে খুঁজে বের করাটা আসলে কত কঠিন, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম।
সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নিঝুম দ্বীপ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ, ৬ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মো. সেলিম উদ্দিন। বৌবাজার এলাকায় গিয়ে তিনজন বাক্প্রতিবন্ধীর খোঁজ মিলল। স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় উপরিউক্ত তিনজনের সঙ্গে আলাপ শুরু করলাম। ইশারা-ইঙ্গিতে যতটুকু পারা যায়। তিনজনের সঙ্গেই কথা বলে বুঝলাম, হরিণ উদ্ধারের নায়ক এরা কেউ নয়। এখন কী উপায়? ভরসা দিলেন ফরিদ। ফরিদ এলাকায় দিনমজুরের কাজ করেন। ফরিদ ও তাঁর দুই সঙ্গী জানান, তাঁরা বন থেকে জ্বালানি কাঠ নিয়ে ফেরার পথে হরিণশাবক উদ্ধারের একটি ঘটনা দূর থেকে দেখেছিলেন। তবে সেই ছেলেটার নাম বেলাল নয় হেলাল। হেলালের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর গড়িয়ে গেল। সে মুখে শব্দ করলেও সেগুলো ছিল অর্থহীন। সে কানেও শোনে কম।
এই হেলালই কি সেই ‘বেলাল?’ পুরোপুরি নিশ্চিত হওয়ার জো নেই। বেলাল ছিল এক কিশোর আর হেলালের বয়স ২৪-এর কোঠায়। তার চেয়েও বড় কথা, হেলাল বিবাহিত। তার একটা ছেলেও আছে রীতিমতো। সেই দফায় নিঝুম দ্বীপ থেকে ফিরে আসি। কিন্তু মনটা খুঁতখুঁত করছিল। ২০ ফেব্রুয়ারি আবার রওনা দিলাম নিঝুম দ্বীপের পথে। এবারে আলোকচিত্রী হাসিবুলের কাছ থেকে পাওয়া সেদিনের দুই প্রত্যক্ষদর্শীর ছবি। সঙ্গে বেলালের আরও কিছু ছবি। চায়ের দোকানে নতুন ছবিটা দেখাতেই বেশ কয়েকটা আগ্রহী মুখ এগিয়ে এল। কয়েকজন চেনে বলে দাবি করল ছেলেটাকে। খুঁজে পেতে একজনকে পাওয়া গেল। এই ছেলেটাও বাক্প্রতিবন্ধী। সে আকারে-ইঙ্গিতে হরিণ বাঁচানোর একটি ঘটনার কথাই বলার চেষ্টা করছিল। ছেলেটার চেহারা মোটামুটি মেলে। বয়সটাও খুব কাছাকাছি। কিন্তু সমস্যা একটাই—তার নাম মান্নান! ঢাকায় আলোকচিত্রী হাসিবুল ওয়াহাবের কাছে দুটো ছবিই পাঠানো হলো। কিন্তু তিনিও পুরোপুরি নিশ্চিতভাবে শনাক্ত করতে পারলেন না। অতএব, সেই সাহসী কিশোর ‘বেলাল’ আমাদের কাছে একটা রহস্যই হয়ে থাকল।