সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাঁড়ের সঙ্গে খরগোশের দেখা নদীর পাড়ে।

‘কোথায় চললে তুমি?’ জানতে চাইল খরগোশ।

‘নদীর ওপারে যেতে চাইছি,’ ষাঁড় জানাল। ‘নদীর অগভীর অংশটা কোথায়, বলতে পারো?’

‘অগভীর অংশের কী দরকার! ওই যে ওখানে একটা সেতু আছে তো!’

‘আমি তাতে উঠলে ভার সইতে না পেরে যদি ভেঙে পড়ে!’ বলে ষাঁড় তাকাল নদীর দুই পাড় সংযোগকারী সেতুর দিকে।

‘নির্ভয়ে যাও,’ পরামর্শ দিল খরগোশ। ‘শুধু তুমি কেন, তোমার চেয়ে বেশি ওজনও তা সইতে পারবে।’

সেতুর ওপরে পা রাখল ষাঁড়। মাঝ অবধি না পৌঁছাতেই তা ভেঙে পড়ল হুড়মুড় করে।

‘এ তুমি কী করলে!’ নদীর পাড়ে উঠতে উঠতে ষাঁড় বলল। ‘এই তোমার পরামর্শ! আর একটু হলেই পা ভেঙে পঙ্গু হয়ে পড়ে থাকতাম!’

‘আজব ব্যাপার তো!’ কাঁধ দুই পাশে ঝাঁকিয়ে বলল খরগোশ। ‘আমি তো দিনভর এপার-ওপার করি! কই, কখনো কোনো সমস্যা হয়নি তো!’