বিরাম চিহ্ন অংশ-১৯
প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
৫৭.
রুমার বয়স ১২ আর রুবার ১০ দুজনের জন্মদিন নিয়ে ওদের বাবা মায়ের একেকটি গল্প আছে ওদের মা রাহেলা বলে যেদিন রুমার জন্ম হয় সেদিন বাড়ির উঠোনের শিউলিগাছটা ফুলে ফুলে ভরে ছিল এত ফুল নাকি আর কখনো দেখেনি রাহেলা বানু খুশবু ছড়িয়ে গিয়েছিল চারদিকে।
উত্তর: রুমার বয়স ১২। আর রুবার ১০। দুজনের জন্মদিন নিয়ে ওদের বাবা-মায়ের একেকটি গল্প আছে। ওদের মা রাহেলা বলে যেদিন রুমার জন্ম হয় সেদিন বাড়ির উঠোনের শিউলিগাছটা ফুলে ফুলে ভরে ছিল। এত ফুল নাকি আর কখনো দেখেনি রাহেলা বানু। খুশবু ছড়িয়ে গিয়েছিল চারদিকে।
৫৮.
কয়েক মাস পরে গাঁয়ে মিলিটিরি আসে জসীম শহর থেকে আসা ছেলেদের কাছ থেকে রাইফেল চালান শিখে নেন তারপর গড়ে তোলেন মুক্তিবাহিনী রাহেলা মেয়েদের নিয়ে বাড়িতে থাকবেন জসীম চেয়েছিলেন রাহেলা তাঁর বাবার বাড়ি চলে যাক কিন্তু রাহেলা যেতে রাজি হননি।
উত্তর: কয়েক মাস পরে গাঁয়ে মিলিটিরি আসে। জসীম শহর থেকে আসা ছেলেদের কাছ থেকে রাইফেল চালান শিখে নেন। তারপর গড়ে তোলেন মুক্তিবাহিনী। রাহেলা মেয়েদের নিয়ে বাড়িতে থাকবেন। জসীম চেয়েছিলেন রাহেলা তাঁর বাবার বাড়ি চলে যাক, কিন্তু রাহেলা যেতে রাজি হননি।
৫৯.
নদীর ধারেই বাজার সেদিন বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যান জসীম ওরা বাজারের দোকান আর ঘর-বাড়িতে আগুন লাগিয়ে দেয় গুলি ছুড়তে ছুড়তে আসে একটি বুলেট এসে লাগে জসীমের বুকে নদীর ধারে মুখ থুবড়ে পড়ে যান তিনি রক্তে ভেসে যায় মাটি নিজেরই রক্তে মাখামাখি হয়ে যায় তাঁর শরীর।
উত্তর: নদীর ধারেই বাজার। সেদিন বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যান জসীম। ওরা বাজারের দোকান আর ঘর-বাড়িতে আগুন লাগিয়ে দেয়। গুলি ছুড়তে ছুড়তে আসে। একটি বুলেট এসে লাগে জসীমের বুকে। নদীর ধারে মুখ থুবড়ে পড়ে যান তিনি। রক্তে ভেসে যায় মাটি। নিজেরই রক্তে মাখামাখি হয়ে যায় তাঁর শরীর।
৬০.
দু মুঠো চাল মাটির কলসিতে জমিয়ে রাখেন রাহেলা বানু রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তাঁর জন্য ভাত রান্না করবেন দুই বোন শুকনো লাকড়ি কুড়িয়ে এনে রান্নাঘরে জমিয়ে রাখে যদি লাকড়ির দরকার হয় তখন কী দিয়ে ভাত রান্না করবেন মা দুই বোন অধীর অপেক্ষায় থাকে।
উত্তর: দু মুঠো চাল মাটির কলসিতে জমিয়ে রাখেন রাহেলা বানু। রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তাঁর জন্য ভাত রান্না করবেন। দুই বোন শুকনো লাকড়ি কুড়িয়ে এনে রান্নাঘরে জমিয়ে রাখে। যদি লাকড়ির দরকার হয় তখন কী দিয়ে ভাত রান্না করবেন মা? দুই বোন অধীর অপেক্ষায় থাকে।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল