সেন্ট মার্টিন ইউনিয়নে এখনো চালু হয়নি তথ্যকেন্দ্র
সরকার গত ১১ নভেম্বর থেকে সারা দেশের ইউনিয়ন পরিষদে তথ্যসেবা কেন্দ্র চালু করেছে। কিন্তু এক মাস পার হওয়ার পরও কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়নের মানুষ এখনো কোনো ধরনের সেবা পাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা। অন্য সব উপজেলার মতো টেকনাফের ছয়টি ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্র (ইউআইএসসি) উদ্বোধন করা হয় ১১ নভেম্বর। উদ্বোধনের আগেই উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে দুটি করে ল্যাপটপ কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট মডেম ও চেয়ার-টেবিল দেওয়া হয়। কিন্তু সেন্ট মার্টিনে এ কার্যক্রম শুরু হয়নি। গত শনিবার সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা গেছে, একটি তালাবদ্ধ ঘরে দুটি টেবিল ও চারটি চেয়ার রয়েছে। ইউআইএসসির কার্যক্রম চালুর জন্য এই ঘরটি নির্ধারণ করে রাখা হয়েছে। তবে ল্যাপটপ কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট মডেম এখানে আসেনি।টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, এসব তথ্যকেন্দ্রে প্রতিটি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দুজন বেকার নারী ও পুরুষ কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। টেকনাফের প্রতিটি ইউনিয়নে সরকারিভাবে যন্ত্রপাতি দেওয়া হলেও সেন্ট মার্টিন ইউনিয়নে আজ পর্যন্ত কোনো ধরনের ল্যাপটপ পাওয়া যায়নি বলে ইউপি চেয়ারম্যানের কাছ থেকে জানা গেছে।ইউনিয়ন পরিষদের সচিব শেখ ফরিদুল আলম জানান, তথ্যকেন্দ্রের জন্য চেয়ার-টেবিল বসানো হয়েছে। কিন্তু এখনো কোনো যন্ত্রপাতি না পাওয়ায় তথ্যকেন্দ্রের কার্যক্রম শুরু হয়নি। পাশাপাশি এসব যন্ত্রপাতি চালানোর জন্য সৌরবিদ্যুতের ব্যবস্থাও করতে হবে। তথ্যকেন্দ্রের জন্য এখনো কোনো সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়নি। সেন্ট মার্টিনের বাসিন্দা আবদুল মোতালেব ও আবদুর রহমান বলেন, ‘এ দ্বীপে আমরা সব সময় অবহেলিত। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করেও সরকারি সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত থাকছি। সরকারের এত সুন্দর একটা উদ্যোগ, অথচ এ বিষয়ে আমরা জানি না।’ সেন্ট মার্টিন দ্বীপের ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ খান বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নে ল্যাপটপসহ অন্যান্য যন্ত্রপাতি ও আসবাব পাওয়া গেলেও এ অবহেলিত ও সুবিধাবঞ্চিত ইউনিয়নে সেবাকেন্দ্রটির কার্যক্রম শুরুই হয়নি। টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুচ বাঙ্গালী প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে আলাপ করেছি। অচিরেই সেন্ট মার্টিন ইউনিয়নের তথ্যকেন্দ্রের জন্য দরকারি যন্ত্রপাতি দেওয়া হবে।’—গিয়াস উদ্দিন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি