সেপ্টেম্বরে আসছে নতুন আইপ্যাড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসছে নতুন আইপ্যাড
আসছে নতুন আইপ্যাড

মার্কিন বাজার-বিশ্লেষকেরা বলছেন, আইপ্যাডের বিক্রি তুলনামূলকভাবে অনেক কমে গেছে। বাজারে আবারও আইপ্যাড জনপ্রিয় করতে শিগগিরই নতুন সংস্করণের আইপ্যাড আনছে অ্যাপল। এর মধ্যেই আইপ্যাড সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এর উৎপাদন শুরু করে দিয়েছে বলেই এক খবরে জানিয়েছে ব্লুমবার্গ।

আইপ্যাড উৎপাদনের সঙ্গে জড়িত এমন দুটি সূত্রের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের স্ক্রিনযুক্ত আইপ্যাড তৈরির কাজ চলছে। বছরের তৃতীয় প্রান্তিকের শুরুতেই অর্থাৎ সেপ্টেম্বর মাস নাগাদ এই নতুন আইপ্যাড বাজারে চলে আসবে। ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের স্ক্রিনযুক্ত আইপ্যাড ছাড়াও এ বছরই বাজারে আসবে ৭ দশমিক ৯ ইঞ্চি মাপের আইপ্যাড মিনি। তবে তৃতীয় প্রান্তিকের শেষ দিকে আইপ্যাড মিনি বাজারে ছাড়বে অ্যাপল। অবশ্য, এখনো নতুন এই আইপ্যাডের দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশিত হয়নি। এ সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন আইপ্যাড প্রসঙ্গে অ্যাপলের মুখপাত্র ট্রুডি মুলার মন্তব্য করতে রাজি হননি।

বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, বছরের দ্বিতীয় প্রান্তিকে ১ কোটি ৩২ লাখ ইউনিট আইপ্যাড বিক্রি করেছে অ্যাপল, যা গত বছরের তুলনায় ৮ শতাংশ কম। অ্যাপলের মোট আয়ের ১৫ শতাংশ আসে আইপ্যাড বিক্রি থেকে। কিন্তু গত দুই প্রান্তিকে ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের তুলনায় আইপ্যাড বিক্রির আয় কমেছে অ্যাপলের।

প্রসঙ্গত, ২০১০ সালে প্রথম আইপ্যাডের মাধ্যমে ট্যাবলেট বাজার তৈরি করে অ্যাপল। ২০১২ সাল পর্যন্ত আইপ্যাডের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-নির্ভর ট্যাবলেটের সঙ্গে এখন বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে আইপ্যাডকে।