সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘তৃতীয় জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব ২০১৪’-এর আয়োজন করা হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় এই উৎসবের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস)। গতকাল সোমবার টিএসসি মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে ক্রমেই উজ্জ্বল সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যার নেতৃত্ব দিচ্ছে তরুণ প্রজন্ম। ক্যাম্পাস প্রযুক্তি উৎসবের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে তথ্যপ্রযুক্তি সচেতনতা গড়ে উঠবে। পাশাপাশি তাঁরা নানা রকম উদ্ভাবনী কাজের অনুপ্রেরণা পাবেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন এলএম এরিকসন বাংলাদেশ লিমিটেডের প্রধান তথ্য কর্মকর্তা বিপুল জৈন, ওডেস্ক-ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান, উৎসবের আহ্বায়ক আবদুল্লাহ আল-ইমরানসহ অনেকে।
টিএসসি চত্বরে উৎসবের মূল পর্বে থাকবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, অ্যাপস তৈরি, গেমস ও কুইজ প্রতিযোগিতা, ইন্টারনেট নিরাপত্তাবিষয়ক কর্মশালা, আউটসোর্সিং ও উদ্যোক্তা সম্মেলন, তথ্যপ্রযুক্তিবিষয়ক বিতর্ক, ব্যবসায়িক ধারণা প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন। আরও রয়েছে সেমিনার, কর্মশালা ও আলোচনা অনুষ্ঠান।
এবারের উৎসবে অংশগ্রহণ করবেন দেশের ৬০টি বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের এক হাজার ৫০০ শিক্ষক, শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক এলএম এরিকসন বাংলাদেশ লিমিটেড।